'ভয়, লোভ ও আশার কারণেই শেয়ারবাজারে উত্থান-পতন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভয়, লোভ ও আশার কারণেই শেয়ারবাজারে উত্থান-পতন। এ তিনটি বিষয় আছে বলেই এটা শেয়ারবাজার।
আজ সোমবার বিকেলে ডিএসইর সভাকক্ষে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নতুন কমিটির সঙ্গে মতবিনিময়কালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম এ কথা বলেন।
আহসানুল ইসলাম বলেন, ‘লোভের কারণে মানুষ শেয়ারবাজারে আসবে। ভয়ে শেয়ার বিক্রি করে দেবে। নতুন আশা নিয়ে আবার শেয়ারবাজারে আসবে। এটাই শেয়ারবাজারের নিয়ম। আর এ কারণেই বাজারে উত্থান-পতন হবে।’
আহসানুল ইসলাম আরও বলেন, পুঁজিবাজারের উন্নয়নের জন্য গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনলাইন মিডিয়া ও সরাসরি সম্প্রচারও বাজারের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহজাহান, সহসভাপতি মিজানুর রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা এবং সিএমজেএফের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সারোয়ার এ চৌধুরীসহ কমিটির সদস্যরা।