'ভাগ্যবান' কর্মকর্তা জাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জাহিদ হোসেনের চাকরি স্থায়ীকরণের মেয়াদ ৪ থেকে ৯ বছর পর্যন্ত এগিয়ে দেওয়া হয়েছে। ফলে তিনি সমসাময়িক অনেককে ডিঙিয়ে জ্যেষ্ঠতা পেয়ে গেছেন। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ জ্যেষ্ঠতা পুনর্নির্ধারণ-সংক্রান্ত এ আদেশ জারি করে। এ নিয়ে গতকাল দিনভর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ছিল ক্ষোভ ও আলোচনা।
তবে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান প্রথম আলোকে বলেন, ‘অতীতেও এ রকম দু-একটা ঘটনা ঘটেছে। তার নিয়োগে বেশ কিছু শর্ত ছিল, সে পালন করেছে। তার কিছু দাবি ছিল, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ তা বিবেচনা করেছে।’
আদেশে বলা হয়েছে, জাহিদ হোসেনের অফিসার পদে চাকরি নিয়মিত হয়েছিল ১৯৯৭ সালের ২৮ ডিসেম্বর, এখন তা ১৯৯১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর বলে বিবেচিত হবে। একইভাবে সহকারী পরিচালক পদে পদোন্নতির তারিখ ২০০৬ সালের ২৭ আগস্টের পরিবর্তে ১৯৯৭ সালের ১৫ জুন এবং স্থায়ীকরণের মেয়াদ ১৯৯৮ সালের ১৫ জুন থেকে কার্যকর হবে। উপপরিচালক পদে পদোন্নতির তারিখ ২০১১ সালের ১৯ অক্টোবরের পরিবর্তে ২০০৭ সালের ২ ডিসেম্বর থেকে কার্যকর বলে বিবেচিত হবে। গত বছরের ৩১ আগস্ট যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন জাহিদ হোসেন। কিন্তু নতুন আদেশে বলা হয়েছে, সেটিরও কার্যকরের মেয়াদ ধরা হবে ২০১২ সালের ২৭ জুলাই থেকে। এ ছাড়া  যুগ্ম পরিচালক পদে তাঁর চাকরি স্থায়ী হবে ২০১৩ সালের ২৯ জুলাই থেকে।

অফিসার পদে তাঁর নিয়মিতকরণ ছয় বছর, সহকারী পরিচালক পদে পদোন্নতি নয় বছর, উপপরিচালক পদে পদোন্নতি চার বছর ও যুগ্ম পরিচালক পদে পদোন্নতি চার বছর এগিয়ে দেওয়া হয়েছে। এর ফলে অন্য কর্মকর্তাদের আগেই তাঁর পদোন্নতি হবে।