'ভাবমূর্তির সংকট সৃষ্টি হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি স্থগিত করায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) গভীর উদ্বেগ প্রকাশ করছে। বর্তমান সরকার যখন শিল্প-কারখানায় কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে, তখন জিএসপি স্থগিতের সিদ্ধান্ত দুঃখজনক বলে এফবিসিসিআই মনে করে।

এক বিবৃতিতে গতকাল শনিবার এফবিসিসিআই এসব কথা বলেছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক এ বাজারসুবিধা না পেলেও জিএসপি স্থগিত করার কারণে প্লাস্টিক, সিরামিকসহ বেশ কিছু পণ্য দেশটিতে শুল্কমুক্ত বাজারসুবিধা হারাবে।

যুক্তরাষ্ট্র সরকারের এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তির সংকট সৃষ্টি হবে।  

এফবিসিসিআই মনে করে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি বাণিজ্য খাতকেই শুধু বিপন্ন করবে না, বিপর্যস্ত হয়ে পড়বে আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত বিভিন্ন সামাজিক পরিকল্পনাসমূহ। শ্রমিকদের কল্যাণে এ সিদ্ধান্ত নেওয়া হলেও এর কারণে ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক খাতের ৪০ লক্ষাধিক শ্রমিক-কর্মচারী, যার সিংহভাগই নারী।

এ অবস্থায় দেশের শিল্প-কারখানাগুলোর শ্রম পরিবেশ উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত কার্যক্রমসমূহ বাস্তবায়ন এবং শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে জিএসপি সুবিধা স্থগিতকরণের সিদ্ধান্ত মানবিক কারণে প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি এফবিসিসিআই উদাত্ত আহ্বান জানাচ্ছে।

ইএবি: অপর আরেক বিবৃতিতে বাংলাদেশ রপ্তানিকারক সমিতির (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন, যুক্তরাষ্ট্র কর্তৃক জিএসপি প্রদান বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে পরিগণিত হয়। কিন্তু তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনা, রানা প্লাজা ট্র্যাজেডি, পোশাক কারখানাগুলোর পরিবেশ ও শ্রমিক সংঘের অনুপস্থিতি এবং শ্রমিক কল্যাণ বিবেচনায় নিয়ে বাংলাদেশের কিছু পণ্যের বিপরীতে দেওয়া জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্র কর্তৃক একতরফাভাবে প্রত্যাহার করা হয়েছে, যা পরবর্তী ছয় মাসের ভেতর কার্যকর হবে।

ইএবি জিএসপি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।