
‘ভালো লাগছে এই বেঁচে থাকা। কাজের মধ্যে, কাজের ভেতরে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আমার কোনো দুঃখ নেই। আমাকে বিমর্ষ করে—অন্তত সে রকম কোনো দুঃখ নেই।’ ৮৩তম জন্মদিনের অনুভূতি জানিয়ে কথাগুলো বলছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দপ্তরে আসেন অর্থমন্ত্রী। প্রথমে অর্থনীতি বিটের সাংবাদিকেরা তাঁকে ৮৩তম জন্মদিনের শুভেচ্ছা জানান। জন্মদিন উপলক্ষে সাংবাদিকেরা গান গেয়ে এবং কবিতা আবৃত্তি করেও শোনান অর্থমন্ত্রীকে।
তারপর ফুলের তোড়া ও কেক নিয়ে আসেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মচারীরা। এ সময় হাসিমুখে সচিব থেকে পিয়ন—প্রায় সবার সঙ্গেই করমর্দন করেন তিনি। মন্ত্রী সবাইকে ডেকে ডেকে কেক খাওয়ান।
৮৩ বছর পার করে এসে আপনার জীবনের প্রধানতম দুঃখ কী, কত কিছুই তো করতে চেয়েছেন জীবনে, পারেননি—সে রকম কিছু আছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘যা পারিনি, তার চেয়ে পারার পাল্লাটাই বেশি। তবে আমার লেখকসত্তা নিয়ে একটু দুঃখ আছে। আমাদের দেশে একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে লেখালেখিতে যেসব শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী আছেন, তাঁরা আমাদের মতো লোককে দলে নিতে চান না। তাঁদের ধারণা, আমলারা (ব্যুরোক্র্যাট) এই কাতারে আসার উপযুক্ত নয়।’
এ বছর রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি না করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আজকে আমার একটি বিশেষ দিন। এদিন উপলক্ষে খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’