‘মনস্তাত্ত্বিক আশা-নিরাশায়’ উত্থান-পতন
গতকালের বড় দরপতনের পর আজ সোমবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান লক্ষ করা গেছে। আজ বেলা আড়াইটায় দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বিনিয়োগকারীদের মনস্তাত্ত্ব্বিক আশা-নিরাশায় বাজারের এই উত্থান-পতন। কিছু গুজবও এর পেছনে কাজ করছে। তবে কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে।বাজারে গতকালের বড় পতন ও আজকের উত্থান সম্পর্কে জানতে চাইলে বাজারবিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, গত দুই দিনের বাজার দেখে বিনিয়োগকারীদের প্রকৃত অবস্থা বোঝা যাচ্ছে না। কয়েক দিন পর বিষয়টি পরিষ্কার হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মো. মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে এ বিষয়ে বলেন, এটা সম্পূর্ণ বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক ব্যাপার। বাজেটকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে একটানা নয় দিন বাজার ভালো ছিল। এই সুযোগে গতকাল অনেকে বাজার থেকে বের হয়ে যান। আবার কিছু বিনিয়োগকারী সুযোগ নিয়ে বিনিয়োগে উত্সাহিত হন, যার প্রভাব গত দুই দিন বাজারে দেখা যায়। তবে বাজারের আচরণ কিছুটা ‘অজ্ঞাত’ বলে মনে করেন তিনি।আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান প্রথম আলো ডটকমকে বলেন, বাজেট নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা সৃষ্টি হওয়ায় গত দু-তিন সপ্তাহ ধরে বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। তবে বাজেট ঘোষণার পর গতকাল কিছুটা ধাক্কা খান বিনিয়োগকারীরা। আজ আবার বাজার ঘুরে দাঁড়ানোয় বিনিয়োগকারীদের আস্থার বিষয়টি লক্ষ করা যাচ্ছে। তবে এটা সাময়িক প্রতিক্রিয়া। কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করেন তিনি।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ১২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪০০৬ পয়েন্টে। ডিএসইতে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭৩টির দাম বেড়েছে; কমেছে নয়টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৪৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪২ কোটি টাকা বেশি।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২,৪৩৬ পয়েন্টে। সিএসইতে আজও গতকালের মতো ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে