'মন্ত্রী নির্বাচন করেন প্রধানমন্ত্রী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

‘মন্ত্রী নির্বাচন করেন প্রধানমন্ত্রী। তিনি যদি কাউকে মন্ত্রী নির্বাচন করেন, খুব কম লোকই আছেন সেটা অমান্য করতে পারেন।’ আগামীবার মন্ত্রী থাকছেন কি থাকছেন না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবটি এভাবেই দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি, অর্থমন্ত্রী থাকলে দিনে ১৪-১৬ ঘণ্টা কাজ করতে হয়। কিন্তু বয়সের কারণে আমার পক্ষে ১৪-১৬ ঘণ্টা কাজ করা অনেকটাই মুশকিল। আমার ইচ্ছা আগামীতে সাংসদ হিসেবে থাকা।’
সচিবালয়ে গতকাল বুধবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ।
একান্তই যদি অর্থমন্ত্রীর দায়িত্ব না নিতে চান, তাহলে কারও ব্যাপারে তাঁর কোনো সুপারিশ বা প্রস্তাব আছে কি না—জানতে চাইলে মুহিত বলেন, ‘আমার গতবারের অভিজ্ঞতা হলো, এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে সুপারিশ করার সুযোগ থাকে না। সে জন্য এবার আমি চেষ্টাও করিনি।’
হরতাল অর্থনীতিকে বিপর্যস্ত করছে উল্লেখ করে অর্থমন্ত্রী নতুন সংসদে হরতাল বন্ধের প্রস্তাব তুলবেন বলে জানান।
জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করা উচিত বলেও মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘জামায়াত একটি সন্ত্রাসী দল। এর প্রমাণ হচ্ছে, সিলেটে দুজন জামায়াত নেতা ধরা পড়ার সঙ্গে সঙ্গেই আমার বাড়িতে আক্রমণ হয়েছে।’
চলমান অবরোধ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটিও মারাত্মক ক্ষতিকর। দুর্ভাগ্য যে অর্থনীতির এই বিপর্যস্ত অবস্থা নিজেরাই তৈরি করে রেখেছেন, খালেদা জিয়া তো তা মানবেনই না। কিন্তু তাঁর সাঙ্গপাঙ্গরা তো আছেন, ব্যবসায়ীরাও আছেন। তাঁরা তো নির্বোধ নন। তাঁদের নিজেদের স্বার্থ বোঝা উচিত।’
রাজনৈতিক অস্থিরতায় গৃহায়ণ শিল্প রক্ষার্থে রিহ্যাবের পক্ষ থেকে দুটি দাবি জানানো হয় অর্থমন্ত্রীর কাছে। স্বল্প ও মধ্যবিত্ত ক্রেতাদের এক অঙ্কের সুদে ঋণ দেওয়ার জন্য তিন হাজার কোটি টাকার তহবিল গঠন এবং ডেভেলপারদের বর্তমানের ব্যাংকঋণ ডাউন পেমেন্ট ছাড়া এক বছরের জন্য গ্রেস পিরিয়ডসহ পুনঃ তফসিলের সুযোগ।
পুনঃ তফসিলের সুযোগের ব্যাপারে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলতে হবে বলে জানান। আর এক অঙ্কের সুদে তহবিল গঠনের বিষয়ে অর্থমন্ত্রী সরাসরিই বলেন, ‘এটা হবে না। এটা একটা খামোখা প্রস্তাব।’
রিহ্যাব জানায়, ব্যাংকগুলোতে আবাসন ব্যবসায়ীদের অপরিশোধিত ঋণের পরিমাণ চার হাজার ১৮১ কোটি টাকা।