'মরার ওপর খাঁড়ার ঘা চট্টগ্রাম বন্দর-সংকট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে আজ সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন ছবি: প্রথম আলো
কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে আজ সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বন্দরের চলমান সংকট নিরসনে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তারা বলছে, বন্দরের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিদেশের ক্রেতারা সময়মতো পোশাক পাবেন না। সেটি চলতে থাকলে ক্রেতারা তাঁদের পোশাক তৈরির ক্রয়াদেশ ভারত, ভিয়েতনাম, ইথিওপিয়া ও মিয়ানমারের মতো দেশে সরিয়ে নিতে পারেন।

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে আজ সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলন সংগঠনটির নেতারা এসব কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির প্রমুখ।

বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, ‘পোশাকশিল্পকে টিকিয়ে রাখতে আমরা যখন আপ্রাণ চেষ্টা করছি, তখন মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো আমাদের সামনে এসেছে চট্টগ্রাম বন্দর-সংকট। বন্দরে টানা আড়াই মাসের জাহাজজটের কারণে পোশাক তৈরির উপকরণ বোঝাই জাহাজকে পণ্য খালাসের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। এতে কনটেইনার ও জাহাজভাড়া বাবদ অতিরিক্ত জরিমানা দিচ্ছেন মালিকেরা। অন্যদিকে সময়মতো রপ্তানিপণ্য পাঠাতে পারছি না। পণ্যবাহী কনটেইনার না নিয়েই জাহাজের বন্দর ছেড়ে যাওয়া ঘটনাও ঘটছে; যা ইতিহাসে কখনোই ঘটেনি।’

বিজিএমইএর সভাপতি বলেন, ‘বন্দর কর্তৃপক্ষ জাহাজজট কমানোর জন্য গিয়ার লেস ভেসেল আসা নিরুৎসাহিত, নাইট নেভিগেশন ও পালা করে সার্বক্ষণিক হ্যান্ডেলিং কার্যক্রম চালু রাখার ব্যবস্থা গ্রহণ করেছে। তবে পণ্য খালাস-সংকটের সমাধান হয়নি। যেসব জাহাজে ১৫০-২০০ এলসিএল কনটেইনার বেশি থাকে তা আনস্টাফিং করে খালাস করতে ১৫-২০ দিন লাগছে। এ জন্য আমদানি করা কাঁচামাল পেতে বিলম্ব হওয়ায় উৎপাদনে যেতেও দেরি হচ্ছে। অথচ বাজার ধরে রাখতে হলে ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পাঠাতে হয়।’

সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘জাহাজজট কমানোর নামে বন্দর কর্তৃপক্ষের নেওয়া উদ্যোগে নির্ধারিত জাহাজে রপ্তানিপণ্য তুলে দেওয়া চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই দ্বিমুখী চাপে পোশাকশিল্প পিষ্ট হতে চলেছে। এত দিন রপ্তানিপণ্য জাহাজীকরণে বিশেষ ছাড় দেওয়া হতো। বিশেষ করে বন্দরে পৌঁছার পর কোনো কনটেইনার জাহাজে তোলা হয়নি, এমনটি ঘটেনি। তবে এখন ঘটছে।’

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠা-নামার জন্য যন্ত্রপাতি প্রয়োজন ২৯৯টি, তবে আছে মাত্র ৮৭টি। কার্গো হ্যান্ডেলিংয়ের জন্য ৮৯৫টি যন্ত্রপাতির প্রয়োজন হলেও বর্তমানে আছে ২৮৫টি। এমন তথ্য দিয়ে বিজিএমইএর সভাপতি বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। দাবির মধ্যে উল্লেখযোগ্য, বিকল ২টি গ্যাংট্রি ক্রেন দ্রুত মেরামত, কনটেইনার ওঠা-নামার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরকারিভাবে ক্রয় কিংবা ভাড়া নিয়ে সংকট মোকাবিলা, পোশাকের কাঁচামালবাহী এফসিএল কনটেইনার শুল্কায়নসহ এক কর্মদিবসে ডেলিভারি দেওয়া ইত্যাদি।