'মাইস' পর্যটনে জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত পণ্য প্রদর্শনী বা সম্মেলনকে কেন্দ্র করে সারা বিশ্বেই এখন জনপ্রিয় হয়ে উঠছে ‘মাইস ট্যুরিজম’। কোনো বিদেশি ব্যক্তি যখন একটি দেশে আসেন, তখন কাজের পাশাপাশি তিনি ওই দেশ ঘুরে দেখেন, পছন্দসই কেনাকাটাও করেন। এতে দেশটির পর্যটনশিল্প লাভবান হয়। ব্যবসাকেন্দ্রিক পর্যটনের এই নতুন ধারাকেই সংক্ষেপে বলা হয় মাইস (মিটিংস, ইনসেনটিভস, কনভেনশনস অ্যান্ড এক্সিবিশনস) ট্যুরিজম।
পর্যটনের নতুন এই ধারা নিয়ে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলো অনেক এগিয়ে গেলেও বাংলাদেশ রয়ে গেছে পেছনের কাতারে। নতুন ধারার এই পর্যটনশিল্পকে দেশে জনপ্রিয় করতে প্রচার কার্যক্রম বৃদ্ধিসহ সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন এ খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রাজধানীর সোনারগাঁও হোটেলে চার দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার দ্বিতীয় দিনে গতকাল শনিবার ‘মাইস ট্যুরিজম ইন বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমন মতামত উঠে আসে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। মেলা ও গোলটেবিল বৈঠকের আয়োজক ভ্রমণ-সংক্রান্ত পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পর্যটন-বিষয়ক লেখক রকিব সিদ্দিকী।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, মাইস ট্যুরিজমকে এগিয়ে নিতে হলে সবার আগে অবকাঠামো সুবিধা নিশ্চিত করতে হবে।