‘মুদ্রাযুদ্ধের’ অবসান চায় জি-২০ গোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ বিশ্ব অর্থনীতিতে বিভিন্ন দেশের মুদ্রাকে ঘিরে চলমান যুদ্ধের অবসান চায়।রাশিয়ার রাজধানী মস্কোতে গত শুক্রবার শুরু হওয়া জি-২০ গোষ্ঠীর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে এই আভাস দেওয়া হয়েছে। এতে বিশ্ব অর্থনীতির বড় শক্তিগুলোর মধ্যে ‘মুদ্রা-যুদ্ধ’ অবসানের তাগিদ দেওয়া হয়, যাতে সবার অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়।এদিকে জি-২০ সম্মেলনের খসড়া ঘোষণাটি ফাঁস হয়ে গেছে। এতে বিতর্কিত মুদ্রানীতির জন্য বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানের সমালোচনা করার ইঙ্গিত রয়েছে। জাপানের মুদ্রানীতিতে নিজস্ব মুদ্রা ইয়েনের বিনিময় হার কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।ওই সম্মেলনে যোগদানকারী একজন প্রতিনিধি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কেউই জাপানকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়নি। এটা খুবই বিস্ময়কর! জি-২০ গোষ্ঠী জাপানের সমালোচনা করবে না, এমন খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে ইয়েনের বিনিময় হার মার্কিন ডলারের বিপরীতে গতকাল শনিবার আরও দেড় শতাংশ কমেছে।জাপানের নতুন সরকার তাদের মুদ্রা ইয়েনের বিনিময় হার কমাতে চায়। গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ইয়েনের বিনিময় হার ১৫ শতাংশ কমেছে।এভাবে ইয়েনের অব্যাহত অবমূল্যায়নের কারণে জাপানের রপ্তানি খাত আয়ের দিক থেকে ব্যাপকভাবে উপকৃত হলেও প্রতিযোগী অন্যান্য মুদ্রাগুলো চাপের মধ্যে পড়েছে। আর এই চাপের কারণেই বড় বড় রপ্তানিকারক দেশগুলোতেও মুদ্রার অবমূল্যায়নের প্রবণতা বাড়বে, যা বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাযুদ্ধ প্রকট হওয়ার ভীতি ও শঙ্কা জোরালো হয়ে উঠছে।এই অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাপানের নতুন প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবের মধ্যে ২২ ফেব্রুয়ারি একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ওই বৈঠকের আলোচনা শুধু বাণিজ্যেই সীমিত থাকবে না, বরং তা হবে ব্যাপকভিত্তিক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জি-২০ সম্মেলনে যোগ দেওয়া অর্থমন্ত্রীদের উদ্দেশে বলেছেন, ‘বিশ্ব অর্থনীতিকে স্থবিরতা ও অনিশ্চয়তা থেকে বের করে এনে সামনের দিকে নিয়ে চলুন।’জি-২০ জোটের সদস্যরা হলো—আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাসস, এএফপি ও বিবিসি।