'মুনাফা ছড়িয়ে দিতে হবে মানুষ ও পৃথিবীর উপকারে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছরের দীর্ঘ যাত্রার উল্লেখযোগ্য ছবি নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থ হাতে (বাঁ থেকে) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ও সংগঠনটির সভাপতি রোকেয়া আফজাল রহমান l প্রথম আলো
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছরের দীর্ঘ যাত্রার উল্লেখযোগ্য ছবি নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থ হাতে (বাঁ থেকে) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ও সংগঠনটির সভাপতি রোকেয়া আফজাল রহমান l প্রথম আলো

ব্যবসা-বাণিজ্য ও সমাজে নৈতিকতার মান শক্তিশালী করতে হবে। আর ব্যবসায়ের মুনাফা ছড়িয়ে দিতে হবে মানুষ ও পৃথিবীর উপকারের জন্য।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ‘এমসিসিআইয়ের শতবর্ষ পদক’ অনুষ্ঠানে থাইল্যান্ডের চুলালংকর্ন ইউনিভার্সিটির সাসিন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক দীপক সি জেইন এ কথা বলেন।

এমসিসিআইয়ের ১১০তম বর্ষপূর্তি উপলক্ষে ‘ব্যবসায় প্রবণতা ও রূপান্তর: ব্যবসা ও সমাজের জন্য অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব’ শীর্ষক এ বিশেষ বক্তৃতা দেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

পদক অনুষ্ঠানে শিল্প-ব্যবসা-বাণিজ্য, ব্যবসায়ে সুশাসন, সামাজিক দায়বদ্ধতাসহ বিভিন্ন শ্রেণিতে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘এমসিসিআইয়ের শতবর্ষ পদক’ দেওয়া হয়। ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী। এমসিসিআইয়ের সহসভাপতি আনিস এ খান অনুষ্ঠানে দীপক সি জেইনকে পরিচয় করিয়ে দেন। 

দীপক সি জেইন বলেন, বর্তমান বিশ্বে ব্যবসা-বাণিজ্যের ধরন বদলে গেছে। উনিশ শতক পর্যন্ত ছিল সাম্রাজ্যবাদ। তখন এক রাষ্ট্র আরেক রাষ্ট্র দখল করত। উদ্দেশ্য ছিল এভাবেই ক্ষমতা অর্জন ও ক্ষমতা দেখানো। বিশ শতকে সেটা বদলে আসে মুক্ত বাজার প্রতিযোগিতা বা পুঁজিবাদ। এতে অনুঘটকের ভূমিকায় রাষ্ট্রের পরিবর্তে আসে করপোরেশন বা সংস্থা। উদ্দেশ্য মুনাফা অর্জনের মাধ্যমে সাফল্যের পথে অগ্রসর হওয়া। একুশ শতকে সব ছাপিয়ে সামনে চলে আসে মানবসম্পদের উন্নয়ন তথা উদ্যোক্তাবাদ। এর নেপথ্যে রাষ্ট্র নয়, সংস্থাও নয়, রয়েছেন নাগরিকেরা। তাঁদের উদ্দেশ্য তাৎপর্যপূর্ণ কিছু করা।

আগামী দিনের উদ্যোক্তাদের জন্য নতুন খাত হিসেবে গ্রাহকসেবা তথা হেলথকেয়ার ও ওয়েলথকেয়ার, গ্রাহক অংশগ্রহণ তথা গণমাধ্যম ও বিনোদন এবং গ্রাহক আতিথেয়তা তথা পর্যটন ও হোটেল-রেস্তোঁরার কথা উল্লেখ করেন দীপক সি জেইন। 

বক্তৃতায় নতুন নতুন ধারণা তৈরির মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের ধরন পাল্টে দেওয়ার কথাও তুলে ধরেন দীপক। উদাহরণ দিয়ে তিনি বলেন, এখন উড়োজাহাজের টিকিট নয়, বিক্রি হবে মাইল। দীপক বলেন, গতানুগতিকতা থেকে বেরিয়ে নতুন চিন্তা ও সৃষ্টির মানসিকতা তৈরি হচ্ছে। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) অনেক কিছুই খোলা মনে ভাবতে শিখছেন।  

 এমসিসিআইয়ের শতবর্ষ পদক: শিল্পায়নে পথিকৃৎ শ্রেণিতে পদক দেওয়া হয় প্রয়াত নুরুল কাদের ও স্যামসন এইচ চৌধুরীকে। দুজনের ছেলে ওমর কাদের খান ও তপন চৌধুরী পদক গ্রহণ করেন। করপোরেট সুশাসন ও ব্যবসায় পরিবেশ উন্নয়ন শ্রেণিতে পদক পেয়েছে ট্রান্সকম লিমিটেড ও এসিআই।

এ ছাড়া উদ্যোক্তা উন্নয়ন শ্রেণিতে প্রাণ-আরএফএল গ্রুপ ও এপেক্স ফুটওয়্যার, করপোরেট সামাজিক দায়বদ্ধতা শ্রেণিতে ইউনিলিভার বাংলাদেশ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, দক্ষতা উন্নয়ন শ্রেণিতে এ কে খান অ্যান্ড কোম্পানি, শিক্ষা শ্রেণিতে এমএম ইস্পাহানী, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন শ্রেণিতে গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক, গ্রিন বিজনেস শ্রেণিতে রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি ও ভিয়েলাটেক্স গ্রুপ, তথ্যপ্রযুক্তি উন্নয়ন শ্রেণিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), হেলথ অ্যান্ড হাইজেনিক শ্রেণিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও বারডেম, কৃষি গবেষণার মাধ্যমে খাদ্যনিরাপত্তা শ্রেণিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কৃষি খাতে অবদান শ্রেণিতে চ্যানেল আইকে পদক দেওয়া হয়।

আইনজীবী রফিক-উল হক, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী, গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান, বারডেমের চিকিৎসক নাজমুন্নাহার, এ কে খান গ্রুপের কর্ণধার সালাউদ্দিন কাশেম খান, এপেক্স গ্রুপের পরিচালক নাসিম মঞ্জুর, ব্রির গবেষক শাহজাহান কবীর, বেসিসের পরিচালক রাসেল টি আহমেদ, ইস্পাহানী গ্রুপের পরিচালক মির্জা আলী মেহরোজ ইস্পাহানীসহ অন্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অর্থমন্ত্রীর কাছ থেকে পদক নেন।  

স্বাগত বক্তব্যে রোকেয়া আফজাল রহমান বলেন, এমসিসিআইয়ের ১১০ বছর মানে এমসিসিআইয়ের ১১০ বছর নয়, এটা সাফল্যের ১১০ বছর। এ সাফল্য উদ্যোক্তাদের সাফল্য, বাংলাদেশের সাফল্য। এ সাফল্যের পেছনে দেশের রাজনীতিবিদ, নিয়ন্ত্রক সংস্থা এবং গণমাধ্যমেরও অবদান রয়েছে মনে করেন তিনি।

রোকেয়া আফজাল রহমান বলেন, ‘আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক ও দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গত ১০ বছরে আমরা প্রায় সব ক্ষেত্রেই সাফল্য দেখিয়েছি। আমরা সব সময় একটা টেকসই অর্থনীতি তথা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি।’