'মূলধনসহ মুনাফা যেকোনো সময় নিজ দেশে নিয়ে যেতে পারবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশিদের বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি উদার দেশ। শতভাগ মূলধন বিদেশিদের হাতেই থাকবে—এমন বিনিয়োগ নীতিই রয়েছে এ দেশে। বিদেশিরা এমনকি মূলধনসহ মুনাফা যেকোনো সময় নিজ দেশে নিয়ে যেতে পারেন।
সচিবালয়ে গতকাল বুধবার সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের সদস্য জঁ ল্যামবার্টের নেতৃত্বাধীন ১০ সদস্যের একটি প্রতিনিধিদলকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেছেন বলে সাংবাদিকদের জানান।
ইইউর প্রতিনিধিদলের সঙ্গে কী আলোচনা হলো—জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বিনিয়োগ নীতি সম্পর্কে তাঁরা জানতে চেয়েছেন। বলেছি, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি উদার দেশ। এ দেশে দ্বৈত কর এড়ানোর ব্যবস্থা আছে। বাংলাদেশে কর দিলে বিদেশি বিনিয়োগকারীদের নিজ দেশে কোনো কর দিতে হবে না। আবার নিজ দেশে কর দিলে বাংলাদেশে দিতে হবে না।’
বাংলাদেশে অবস্থানরত ইইউভুক্ত আট দেশের সঙ্গে যৌথভাবে একটি বিজনেস কাউন্সিল গঠন করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ইইউর সঙ্গে বাণিজ্য ও দেশে ইইউর বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্যক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বিনিয়োগের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানের পথ বাতলে দেওয়া হবে এ কাউন্সিলের কাজ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশে কীভাবে ব্যবসা করবে, আগামী দিনে আমরাই বা কীভাবে রপ্তানি করব—কাউন্সিল তা দেখবে।’
ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরি মেয়োডনের সঙ্গে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত মতবিনিময়ের পরও একই কথা (বিজনেস কাউন্সিল গঠন) বলেছিলেন বাণিজ্যমন্ত্রী। তখন তিনি এও বলেছিলেন যে কাউন্সিলের প্রথম বৈঠক হবে ফেব্রুয়ারিতে।
২৮টি দেশ নিয়ে গঠিত ইইউতে অস্ত্র ছাড়া সব পণ্যই রপ্তানি করতে পারে বাংলাদেশ। ইইউ থেকে বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধাও (জিএসপি) পায়। সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে ইইউতে ১ হাজার ৭০৪ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স ৩ হাজার ৮০০ কারখানা পরিদর্শন করেছে—এ তথ্য দিয়ে তোফায়েল বলেন, ‘ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ৩৭টি ও আংশিক ঝুঁকিপূর্ণ ৪০টি কারখানা আমরা বন্ধ করে দিয়েছি। আরও যে ৪২টি কারখানায় কিছু সমস্যা আছে, সেগুলোও ত্রুটিমুক্ত করা হচ্ছে।’
বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কারখানা ২ শতাংশের কম বলে দাবি তোফায়েলের। তিনি আরও দাবি করেন, বাংলাদেশের শিল্পকারখানা বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে নিরাপদ ও কর্মবান্ধব।