‘মূসক ছাড় দিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পূর্ণ কৃষিজাত পণ্যের ওপর নির্ভরশীল এ খাতটি শ্রমজীবী মানুষকে সহনীয় মূল্যে রুটি-বিস্কুট-কেকসহ কনফেকশনারি পণ্য সরবরাহ করছে। ফলে সরকারের প্রচলিত নীতিমালার আলোকে সব সময়ই খাতটি করমুক্ত ছিল। কিন্তু চলতি অর্থবছরের বাজেটে অপ্রত্যাশিতভাবে ১০০ টাকার বেশি দামের কেক ও বিস্কুটের ওপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপ করা হয়। নতুন করে মূসক আরোপ করলেও উল্লেখযোগ্য হারে রাজস্ব আদায় হচ্ছে না। উল্টো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একশ্রেণীর অসাধু কর্মকর্তা সাধারণ বেকারি মালিকদের নানাভাবে হয়রানি করেছেন। ফলে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। অন্যদিকে শ্রমিকদের বেতন তিন গুণ বেড়েছে। এ কারণে বেকারিপণ্য গুণগত মান ঠিক রেখে বাজারজাত করা কঠিন হয়ে পড়েছে। এসব তথ্য দিয়ে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন বলেন, মূসক আদায়ের নামে হয়রানি অব্যাহত থাকলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। তাই হতদরিদ্র মানুষের কর্মসংস্থান রক্ষা এবং স্বল্প আয়ের শ্রমজীবী মানুষকে কম দামে রুটি-বিস্কুট খাওয়ানোর প্রয়োজনে বেকারি খাতকে করমুক্ত রাখতে হবে। সমিতির পক্ষে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে হস্তচালিত বেকারিশিল্পের উৎপাদিত প্রতি কেজি বিস্কুট ও কেক ২০০ টাকা পর্যন্ত মূসকমুক্ত রাখার দাবি জানান সভাপতি। জালাল উদ্দিন বলেন, প্রায়ই সরকারের বিভিন্ন সংস্থা ভেজালবিরোধী অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি করে। কিন্তু তারা কখনো ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পণ্যের মাপকাঠি বিষয়ে কিছু বলে না। এমনকি নীতিমালা তৈরি করতেও কোনো সদিচ্ছা দেখায় না। এ জন্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সব সময়ই একটা ঝামেলার মধ্যে থাকতে হয়।সভাপতি শিগগিরই খাতটির জন্য একটি নীতিমালা প্রণয়নের ব্যাপারে জোর দাবি জানান। তিনি বলেন, ‘আমরা কখনোই ভেজালবিরোধী অভিযানের বিরুদ্ধে না। তবে তা যেন সুষ্ঠু নীতিমালার আলোকে হয়, সেটি নিশ্চিত করতে হবে।’ জালাল উদ্দিন বলেন, হস্তজাত বেকারিপণ্যের পুরোটাই দেশীয় কাঁচামালের ওপর নির্ভরশীল। কিন্তু এসব পণ্যের মূল্যের অব্যাহত ঊর্ধ্বগতির কারণে বিস্কুট, পাউরুটিসহ অন্যান্য বেকারিপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। তাই হস্তজাত বেকারি খাতটি কৃষিভিত্তিক শিল্প হিসেবে স্বীকৃতির দাবি জানান সভাপতি। জালাল আরও বলেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও অদক্ষ লোকবলের কারণে খাতটি অনেকটাই পিছিয়ে আছে। এই সমস্যা কাটিয়ে উঠতে পারলে হস্তজাত বেকারি খাতের অবস্থান আরও সুদৃঢ় হবে। এ জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।