‘মূসকের হার কমাতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিষ্টি বিক্রির ওপর থেকে দ্বৈত মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আদায় বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মিষ্টি প্রস্তুতকারক সমিতি। একই সঙ্গে ভ্যাটের হার কমানোরও প্রস্তাব করা হয়েছে। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে মিষ্টি ব্যবসায়ীদের দাবি নিয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমানে দ্বৈত পদ্ধতিতে ভ্যাট আদায় করা হয়। একবার মিষ্টি তৈরির স্থল থেকে আরেকবার বিক্রয়স্থল থেকে ভ্যাট আদায় করা হয়। এর ফলে মিষ্টির বিক্রয়মূল্য বেড়ে যায়। তাই একই পণ্যের ওপর থেকে দুইবার ভ্যাট আদায় না করে একবার ভ্যাট আদায়ের সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে ভ্যাটের হার ১৫ থেকে কমিয়ে ছয় শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মিষ্টি প্রস্তুতকারক সমিতি মিষ্টান্ন ভান্ডার বা শোরুমের ক্ষেত্রে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) বাধাত্যমূলক না করার সুপারিশ করেছে। কারণ হিসেবে সমিতির সাধারণ সম্পাদক বলেন, হাতে গোনা কিছু প্রতিষ্ঠান ছাড়া দেশের বিভিন্ন প্রান্তে এখনো মিষ্টি ব্যবসার সঙ্গে জড়িত বেশির ভাগ লোকেরই শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয়। তাই তাদের পক্ষে ইসিআর ব্যবহার ও কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করা অত্যন্ত দুরূহ। তাই সবার জন্য ইসিআর বাধ্যতামূলক করা মোটেই বাস্তবসম্মত নয়। আমিনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মিষ্টি ব্যবসা পরিচালিত হলেও এ খাতের জন্য সরকারের সুনির্দিষ্ট কোনো নিয়মনীতি নেই। এ কারণে নানা সময় বিশেষ করে ভেজালবিরোধী অভিযানে হয়রানির শিকার হতে হয়। কারণ মিষ্টি তৈরির কারখানার আয়তন বা পরিবেশ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বিধান নেই, যার ফলে একেকটি প্রতিষ্ঠান একেকভাবে গড়ে উঠেছে। তাই এ খাতে সুনির্দিষ্ট মান নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন সরকারি নীতিমালা। আমিনুর রহমান বলেন, ‘সরকার এ খাতটিকে রাজস্ব আদায়ের অন্যতম খাত হিসেবে বিবেচনায় নিলেও এটিকে এখনো পর্যন্ত শিল্পের কোনো মর্যাদা দেওয়া হয়নি। তাই আমরা এ খাতটিকে শিল্প খাত হিসেবে অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’পাশাপাশি মিষ্টি তৈরি ও বাজারজাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী ও কারিগরদের জন্য সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করারও দাবি জানান সমিতির সাধারণ সম্পাদক। তাঁর মতে, এটি করা গেলে পণ্যের মান ও সেবা দুটোই বাড়বে। সেই সঙ্গে ড্রাই মিষ্টি রপ্তানির অনুমতি দেওয়ার জন্যও সরকারের প্রতি দাবি জানিয়েছেন আমিনুর রহমান।