টিকফার প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রে জিএসপি পুনর্বহালে ১৬ দফার কর্মপরিকল্পনা অনুযায়ী কর্মপরিবেশের উন্নতিতে ‘যথেষ্ট অগ্রগতি’ হয়েছে বলে মত দিয়েছে মার্কিন প্রতিনিধিদল।
তবে ট্রেড ইউনিয়ন নেতাদের প্রতি হয়রানিমূলক আচরণ অব্যাহত থাকা এবং ইপিজেডে ট্রেড ইউনিয়ন অধিকারের বিষয়টি অমীমাংসিত থাকায় মার্কিন উদ্বেগ রয়ে গেছে। ফলে যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা ফিরে পাওয়ার ক্ষেত্রে শিগগির বাংলাদেশের জন্য কোনো সুখবর আসছে না। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কারণে মার্কিন বাজারে বাংলাদেশ বিভিন্ন পণ্যের জন্য শুল্ক ও কোটামুক্ত সুবিধা চাইলে বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার আওতাধীন বলে মত দিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল সোমবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) প্রথম বৈঠকে জিএসপি এবং শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধার বিষয়ে ঢাকার জন্য কোনো প্রাপ্তিযোগ হলো না। যদিও বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা বাণিজ্যসচিব মাহবুব আহমেদ ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইক ডিলানি প্রথম টিকফা বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে দাবি করছেন।
টিকফা বৈঠকের পর রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে মাইক ডিলানি বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমস্যা সমাধান টিকফার মূল লক্ষ্য। দুই পক্ষই সমস্যা সমাধানের মানসিকতা নিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।’
জানতে চাইলে জেনেভায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. তৌফিক আলী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জিএসপি কর্মপরিকল্পনা পরিমাপযোগ্য লক্ষ্যের পরিবর্তে বারবার পরিবর্তনশীল লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে এ ধরনের লক্ষ্য পূরণ নিশ্চিত করা দুরূহ বটে। বৈঠক সূত্রে জানা গেছে, টিকফার প্রথম বৈঠকে শ্রমিকের অধিকার, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বাজারসুবিধা ও বিনিয়োগের বিষয়ে চারটি ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বিষয়টি আলোচনায় তুলেছিল। কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে শেষ পর্যন্ত ওয়ার্কিং গ্রুপ গঠনে রাজি হয়নি বাংলাদেশ।
বৈঠক সূত্রে জানা গেছে, টিকফার দিনব্যাপী বৈঠকের বড় অংশটাই জুড়ে ছিল জিএসপি প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে জিএসপি পুনর্বহালের লক্ষ্যে মার্কিন বাণিজ্য দপ্তর পোশাক শিল্পের কর্মপরিবেশের উন্নয়নে ১৬ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে বলেছে বাংলাদেশকে। কর্মপরিকল্পনায় উল্লিখিত মার্কিন উদ্বেগ দূর করার ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগের হালনাগাদ পরিস্থিতি কী হবে, সে সম্পর্কে জানতে চায় মার্কিন প্রতিনিধিদল। এ পর্যন্ত গৃহীত পদক্ষেপে মার্কিন প্রতিনিধিদলটি যথেষ্ট সন্তোষ প্রকাশ করে। আর ট্রেড ইউনিয়ন কর্মীদের হয়রানি বন্ধ ও ইপিজেডে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতের বিষয়গুলোতে মার্কিন প্রতিনিধিদল গুরুত্বারোপ করে। টিকফার প্রথম বৈঠকে চারটি ওয়ার্কিং গ্রুপ গঠন না হওয়ায় যুক্তরাষ্ট্রের হতাশা রয়েছে বলে মনে করে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বলেন, স্বল্পোন্নত অনেক দেশের বিশেষ করে ক্যারিবীয় ও পূর্ব আফ্রিকার দেশগুলোর যুক্তরাষ্ট্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি উল্লেখ করেছি। অথচ স্বল্পোন্নত দেশ হলেও বাংলাদেশ তাঁর অধিকার পাচ্ছে না। এসব দেশের অবস্থা বাংলাদেশের চেয়ে অনেক বেশি খারাপ। জলবায়ু পরিবর্তনের দরুন সবচেয়ে ঝুঁকিপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশের এ অধিকার প্রাপ্য। তাই বাংলাদেশের বিষয়টি বিবেচনার জন্য উল্লেখ করেছি।
বাংলাদেশের কাছ থেকে কেন বেশি শুল্ক নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে মাইক ডিলানি বলেন, তথ্যটি সঠিক নয়। ডব্লিওটিওর শুল্ক কাঠামোর আওতায় বাংলাদেশ ও চীনকে একই ধরনের অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়া হচ্ছে।
আর মার্কিন বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধার বিষয়ে প্রশ্ন করা হলে মাইক ডিলানি বলেন, শুল্ক ও কোটামুক্ত সুবিধার বিষয়টি ডব্লিউটিওর আওতায় বিবেচনাধীন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী তৌফিক আলী বলেন, ডব্লিউটিতে আলোচনার সময় শুল্ক সুবিধার বিষয়টি এলে যুক্তরাষ্ট্র নিজের দেশের আইনের কথা তোলে। আবার দ্বিপক্ষীয় আলোচনায় শুল্কসুবিধার বিষয়টি এলে ডব্লিউটির দোহাই দেয় যুক্তরাষ্ট্র। দুঃখজনক হলেও সত্যি, শুধু পূর্ব আফ্রিকার দেশই নয়, দক্ষিণ আমেরিকাসহ হাইতির মতো দেশকে যুক্তরাষ্ট্র শুল্কসুবিধা দিয়েছে। অথচ বাংলাদেশের পক্ষে যাঁরা দর-কষাকষিতে নেতৃত্ব দেন, তাঁরা দেশের স্বার্থ আদায়ে পারদর্শী না হওয়ায় দেশ বঞ্চিত হচ্ছে।
অর্থমন্ত্রী এ এম এ মুহিত গত শনিবার বাংলাদেশ-মার্কিন সম্পর্ককে ‘অস্বস্তিকর’ হিসেবে মন্তব্য করেন। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে কীভাবে বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নেওয়া সম্ভব—জানতে চাইলে গতকালের সংবাদ সম্মেলনে হঠাৎ চুপ হয়ে যান মাইক ডিলানি। তখন মাইক্রোফোন নিজের দিকে টেনে নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। তিনি বলেন, ‘২০১১ সালে আমি ঢাকায় এসে বলেছিলাম টিকফা আমার স্বপ্ন। আজ তা বাস্তব। গত দুই বছরে নিরাপত্তা বিষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অনেক কাজ হয়েছে। আজকের সভা নিয়েও আমরা সন্তুষ্ট।’