'যুবক' বিষয়ে কমিটি গঠিত এক মাসের মধ্যে প্রতিবেদন
বিতর্কিত যুব কর্মসংস্থান সোসাইটিতে (যুবক) প্রশাসক নিয়োগের ব্যাপারে আদালতে যেতে পারে সরকার। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার যুবক বিষয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকে এমন পরামর্শ এসেছে।
অবশ্য বৈঠকে আদালতে যাওয়া না-যাওয়ার ব্যাপারে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে বাণিজ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। যুবকের প্রতারণার শিকার তিন লাখ গ্রাহকের পাওনা বুঝিয়ে দেওয়ার ব্যাপারে করণীয় নির্ধারণ করবে এই কমিটি।
বৈঠক শেষে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালক (ডিটিও) আবদুল মান্নানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের এই কমিটি এক মাসের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করবে।
বাণিজ্যসচিব বলেন, ‘অনেক বছর তো গড়িয়ে গেল। এবার আমরা সত্যিকার অর্থেই একটি সমাধান চাইছি।’
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এনজিওবিষয়ক ব্যুরোর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। এর বাইরে ছিলেন যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের কার্যালয়ের (রেজসকো) নিবন্ধক বিজনকুমার বৈশ্য। এনজিওবিষয়ক ব্যুরো ও রেজসকো ছাড়া উল্লিখিত সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে একজন করে সদস্য থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত নতুন কমিটিতে।
সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর আওতায় অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যুবকের নিবন্ধন দেওয়া হয়েছিল ১৯৯৬ সালে। কিন্তু পরে তারা উচ্চ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে এবং আমানত সংগ্রহ ও ঋণদান কর্মসূচি চালু করে। যুবক কমিশনের প্রতিবেদন অনুযায়ী গ্রাহকদের দাবির পরিমাণ দুই হাজার ৬০০ কোটি টাকা।
যুবক নিয়ে ২০১০ সালে গঠিত তদন্ত কমিশন ও ২০১১ সালে গঠিত যুবক কমিশন দুটি ভিন্ন প্রতিবেদন জমা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। কিন্তু প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের কোনো উদ্যোগ এ পর্যন্ত নেওয়া হয়নি। সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী সম্প্রতি আইন মন্ত্রণালয় যুবক বিষয়ে যে মতামত দিয়েছে, গতকালের বৈঠকে তা আলোচিত হয়েছে।
আইন মন্ত্রণালয় বলেছে, যুবক কোম্পানি আইন বা ব্যাংক কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান নয়। আবার বাণিজ্যক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত না হওয়ায় যুবকের ক্ষেত্রে বিদ্যমান বাণিজ্য সংগঠন অধ্যাদেশের আওতায়ও প্রশাসক নিয়োগ প্রযোজ্য হবে না। অন্যদিকে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্টে প্রশাসক নিয়োগের বিধানই নেই।
তবে সোসাইটি রেজিস্ট্রেশন আইনের অধীনে ক্ষতিগ্রস্তদের আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। যদিও এখন পর্যন্ত আদালতে কেউ যায়নি। এমতাবস্থায় সরকার নিজেই যেতে পারে আদালতে। সে হিসেবে মামলা করার দায়িত্ব বর্তাবে রেজসকোর ঘাড়ে।
আদালতের নির্দেশে বা অন্য যেকোনো উপায়ে না হয় প্রশাসক নিযোগ হবে। এতে গ্রাহকেরা কীভাবে ক্ষতিপূরণ পাবেন—এ ব্যাপারে জানতে চাইলে বাণিজ্যসচিব বলেন, ‘কমিটি অবশ্যই একটি গ্রহণযোগ্য সমাধান বের করবে। এর মূলে থাকবেন যুবকের গ্রাহকেরা।’