'রাজনীতিবিদদের প্রমাণ দিতে হবে, দেশ বড় কি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সপ্তাহের সাক্ষাৎকার: অবরোধ ও হরতালের সহিংস পরিস্থিতিতে রপ্তানি আয়ের প্রধান খাত পোশাকশিল্পের বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ সরিয়ে অন্য দেশে নিয়ে যাচ্ছেন। গোটা অর্থনীতিই এখন আটকে পড়েছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বিজিএমইএ ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ

কুতুবউদ্দিন আহমেদ
কুতুবউদ্দিন আহমেদ

প্রথম আলো: লাগাতার হরতাল-অবরোধে আপনাদের শিল্প ও ব্যবসা-বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়বে বলে মনে করেন?
কুতুবউদ্দিন আহমেদ: একটা কাহিনি বলি, কানাডা থেকে আমার খুবই পরিচিত একজন দেশে এসেছেন কয়েক দিন আগে। তিনি আমাকে জানালেন, টরন্টোর মসজিদে নামাজের পর এখন ফিলিস্তিন, লিবিয়া, ইরাক ও সিরিয়ার সঙ্গে বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের ভাবমূর্তি বিশ্বব্যাপী কোন পর্যায়ে পৌঁছেছে ভেবে দেখুন।
সারা দেশে যে ‘কেওয়াজ’ চলছে, তাতে সারা বিশ্বের লোকেরা দেশে তাঁদের আত্মীয়স্বজনের খোঁজখবর নিচ্ছেন। দেশের ভাবমূর্তি সিরিয়াস পরিস্থিতিতে পড়েছে। যাঁদের সামর্থ্য আছে, তাঁদের বিদেশিরা পর্যন্ত বলছে কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়ে থাকতে। ব্যবসায়ীদের মধ্যেও আমি শুনেছি, অনেকে দেশের বাইরে চলে যাওয়ার কথা বলছেন। নিরাপত্তার কথা ভেবে বিদেশে বিনিয়োগের কথা বলছেন।
এগুলো সবই দেশের জন্য অত্যন্ত খারাপ খবর। অশনিসংকেত। ব্যবসা-বাণিজ্য সব স্থবির হয়ে গেছে। বিদেশি ক্রেতারা কেউ কেউ এখন একেবারেই ব্যবসা দিচ্ছেন না। কেউ কেউ ২০-২৫ ভাগ কাজ কম দিচ্ছেন। এগুলো চলে যাচ্ছে প্রতিযোগী দেশগুলোতে।
তিনটি ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রপ্তানি বাজার একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড, রানা প্লাজা ট্র্যাজেডি ও সহিংস রাজনৈতিক পরিস্থিতি। জানি না কোথায় গিয়ে ঠেকবে এর পরিণতি।
প্রথম আলো: এনভয় তো দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী, আপনাদের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি এখন কী অবস্থায় আছে?
কুতুবউদ্দিন আহমেদ: কোনো ব্যবসার জন্যই পরিস্থিতি কোনোভাবেই ভালো নেই। সবার একই অবস্থা। আমাদের এনভয় টেক্সটাইলে ৩০ লাখ গজ কাপড় পড়ে আছে। সরবরাহ করা যাচ্ছে না। পোশাক যাঁরা উৎপাদন করবেন, তাঁরাও নিতে চাচ্ছেন না। এমনকি আগেই বুকিং দিয়েছেন, কিন্তু এখন পরিস্থিতিতে পড়ে কাপড় নিতে চাচ্ছেন না। আমার জীবনে কখনো ছয়-সাত লাখ গজের বেশি কাপড় এভাবে পড়ে থাকতে দেখিনি।
প্রথম আলো: এ পরিস্থিতিতে ক্রেতারা কী বলছেন?
কুতুবউদ্দিন আহমেদ: ওয়াল্ট ডিজনি ও ডিলার্ডস আগেই এ দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ডিজনি ১৫ থেকে ২০ কোটি ডলারের কাজ দিত। আর ডিলার্ডস কাজ করাত চার থেকে পাঁচ কোটি ডলারের। আর অসহিষ্ণু রাজনৈতিক পরিস্থিতিতে ইতিমধ্যেই ওয়ালমার্ট, জেসিপেনি, সিয়ার্সের মতো বড় ক্রেতারা তাদের ক্রয়াদেশ ২০ শতাংশের মতো কমিয়ে দিয়েছে। এগুলো কাজ এখন চলে যাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে।
ক্রেতারা চান সময়মতো কাজ। এখন তাঁরা যদি এ রকম রাজনৈতিক পরিস্থিতি দেখেন, তাহলে সময়মতো মালামাল বুঝে পাবেন না ভেবে নেন। আর বাংলাদেশে তো ক্রেতাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে। গণমাধ্যমের সেসব ছবি ও সংবাদ খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে গেছে। ক্রেতারা এখানে পরিদর্শনে আসতে চাইলে আমরাই এখন বলি, এখন এসো না, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না। তাঁদের এ পরিস্থিতির ব্যাখ্যাও দিতে হয়। ক্রেতারা তাঁদের এম্বাসির মাধ্যমেও তথ্য সংগ্রহ করেন। ফলে তাঁরা কম্বোডিয়ায়, ভিয়েতনামে ৫০ সেন্ট বেশি দিয়েও কাজ নিতে কোনো আপত্তি করবেন না। কেননা, এতে তো ক্রেতাদের পকেট থেকে অর্থ যাচ্ছে না। আল্টিমেট তা ভোক্তার পকেট থেকেই যাচ্ছে। তা ছাড়া আমাদের এখানে এখন শ্রমিকের ন্যূনতম মজুরিও ৭৬ ভাগ বেড়ে গেছে। ফলে বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা তো এমনিতেই আছে।
আবার পাকিস্তান এখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওয়ান স্টেজ বা এক ধাপ উৎপাদনের মাধ্যমে জিএসপি পাচ্ছে। মিয়ানমারকে সব সুবিধা দিতে প্রস্তুত সবাই। তারা আমাদের বড় প্রতিযোগী হিসেবে আবির্ভূত হবে।
প্রায় প্রতি মাসেই আমি চীনে যাই। সেখানে কাজ খোঁজার একটা উদ্যোগ আমার আছে। দেশে একটা বড় বিনিয়োগ আসার কথা চলছিল। চীন এখন উচ্চমূল্যের কাজ করে, এগুলো কাজ কম। আর যেসব কাজ বেশি, মূল্য কম, সেগুলোর বাজার ধরতে তারা বাংলাদেশে আসতে চাচ্ছিল। সেটা হাতছাড়া হয়ে ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাচ্ছে।
প্রথম আলো: এখনি যদি সবকিছু স্বাভাবিক হয়ে যায়, তাহলে কি যেটুকু ক্ষতি হয়েছে, তা পোষানো সম্ভব হবে?
কুতুবউদ্দিন আহমেদ: তা সম্ভব। সুযোগ পেলে আমাদের উদ্যোক্তারা ডানা মেলে বেরিয়ে পড়বে। ক্রেতাদের যেভাবে পারে, বুঝিয়ে আনবে। ঠিকই রাজি করিয়ে ফেলবে।
প্রথম আলো: ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সে রকম পরিস্থিতি আসবে বলে মনে করেন? না হলে কী দাঁড়াবে?
কুতুবউদ্দিন আহমেদ: দেশ ভয়াবহ দুর্যোগের মধ্যে আটকে পড়বে। ২৫ বিলিয়ন ডলারের রপ্তানি, এরই ১৫-১৬ বিলিয়ন ডলারের আমদানি। ফলে ব্যাংক, বিমা, বন্দর, পরিবহন থেকে শুরু করে সর্বক্ষেত্রে এর প্রভাব পড়বে। রপ্তানি আটকে পড়লে নতুন বিনিয়োগও হবে না। তাতে কর্মসংস্থানও হবে না। আর্থিক অবস্থা ভেঙে পড়বে। রাজনীতিবিদদের যদি চৈতন্য না হয়, তাহলে আর কী বলার আছে। রাজনীতিবিদদের এখন প্রমাণ দিতে হবে, তাদের কাছে দেশ বড় কি না।
[সাক্ষাৎকার নিয়েছেন মনজুর আহমেদ]