'রাতারাতি মানুষের ভাগ্য পরিবর্তন হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক নীতি গ্রহণ এবং সুশাসন নিশ্চিত করতে না পারলে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার মাইলফলক তেমন কোনো কাজে আসবে না। এটা হয়তো বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু রাতারাতি মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেবে না।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে দেশের কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ এমন মন্তব্য করেন।
গতকাল বুধবার বিশ্বব্যাংকের প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের তালিকায়। মূলত ১ হাজার ৪৬ ডলার থেকে শুরু করে যেসব দেশের মাথাপিছু জাতীয় আয় ১২ হাজার ৭৩৬ ডলার, তারা মধ্যম আয়ের দেশের অন্তর্ভুক্ত। এর মধ্যে আবার আয় ১ হাজার ৪৬ ডলার থেকে শুরু করে ৪ হাজার ১২৫ পর্যন্ত হলে তা হবে নিম্ন মধ্যম আয়ের দেশ এবং আয় ৪ হাজার ১২৬ ডলার থেকে শুরু করে ১২ হাজার ৭৩৬ ডলার হলে দেশগুলোকে বলা হয় উচ্চ মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৩১৪ ডলার।
সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক এম কে মুজেরী বলেন, ‘এ অর্জন আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু এর কারণে দারিদ্র্য, বঞ্চনা ও বৈষম্যের বৃহত্তর চিত্রে কোনো পরিবর্তন আনবে না।’ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার সুফল আনতে হলে বাস্তবমুখী ও সঠিক পরিকল্পনা এবং কর্মসূচি নেওয়ার পরামর্শ দেন এ অর্থনীতিবিদ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে মাথাপিছু জাতীয় আয়, যার উল্লেখযোগ্য অংশ এসেছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ থেকে। নিকট ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা সে হারে না বাড়লেও জাতীয় আয় কমার ততটা সম্ভাবনা নেই। তাঁর মতে, ‘মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার কারণে যে মানুষটি দিনে একবার খান, তিনি দ্বিতীয়বার খেতে পারবেন না। তাই রাতারাতি ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে তেমনটা ভাবার অবকাশ সেই।’
দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনকল্যাণের মধ্যে বিশাল ফারাক দেখতে পাচ্ছেন এ অর্থনীতিবিদ। তাঁর মতে, বেশ কিছু সামাজিক অর্জন সত্ত্বেও শিক্ষা ও স্বাস্থ্য সেবার গুণগত মানের ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা, অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এই মাইলফলকের পরবর্তী ধাপে যেতে পারব কি-না? এখনকার অর্থনৈতিক মডেল ও রাজনৈতিক পদ্ধতিতে এই মাইলফলকে পৌছানোই সর্বোচ্চ পর্যায়।’ যদি সঠিক নীতিমালা এবং কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে এ অর্জনও কোনো কাজে আসবে না।
সামনের দিনগুলোতে প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকার পরামর্শ দিলেন হোসেন জিল্লুর রহমান। বেশ কয়েক বছর ধরে আমাদের প্রবৃদ্ধি ছয় শতাংশের আশপাশে আটকে আছে। এ ক্ষেত্রে দারিদ্র্য ও বেকারত্ব কমানো এবং মানবসম্পদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
অর্থনীতিবিদ এম কে মুজেরী মনে করেন, এর মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা এবং অবস্থান আরও সুসংহত হবে। এর ফলে আন্তর্জাতিক ঋণবাজার থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে একটি তুলনামূলক সুবিধাজনক অবস্থা তৈরি হবে। কিন্তু সব মানুষের আয় বাড়ানোর চ্যালেঞ্জের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। বিশ্বব্যাংকের হিসেবে মধ্যম আয়ের দেশ হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকিও দেখছেন না তিনি।
মিজ্র্জা আজিজুল ইসলাম মনে করেন, নিম্ন মধ্যম আয়ের দেশের কাতারে চলে গেলেও জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকাতেই থাকবে। তবে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ঋণ পাওয়ার ক্ষেত্রে শর্ত কিছুটা কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।