'রাশ টেনে না ধরায় শেয়ারবাজার হয়ে পড়ে অতিমূল্যায়িত'

সময়মতো রাশ টেনে ধরা যায়নি বলে ২০১০ সালের দেশের শেয়ারবাজার অতিমূল্যায়িত হয়ে পড়েছিল। আর বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষই এ জন্য দায়ী।
বাজারধসের তিন বছর পর প্রথমবারের মতো এমন স্বীকারোক্তি দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষও স্বাভাবিক সুর পাল্টিয়ে প্রথমবারের মতো স্বীকার করে জানায়, গত তিন বছরে অর্থমন্ত্রীর নানা পদক্ষেপে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরছে। অর্থমন্ত্রীর এসব পদক্ষেপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রীর সঙ্গে ডিএসই সভাপতি আহসানুল ইসলামের নেতৃত্বাধীন কমিটির অনুষ্ঠিত বৈঠকে এসব কথা উঠে আসে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি মিজানুর রহমান খান, পরিচালক আহমেদ রশীদ, আবদুল হক, খুজিস্তা নূর-ই-নাহারীন, হানিফ ভূঁইয়া, মিনহাজ মান্নান, শরীফ আনোয়ার হোসেন, রুহুল আমিন সরকার এবং স্বতন্ত্র পরিচালক শেখ কবির হোসেন ও ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার বালা এ সময় উপস্থিত ছিলেন।
শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রী বলেন, স্থিতিশীলতা ফেরাতে কোনো কোনো সময় আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে। লক্ষ্য ছিল বাজারকে বিনিয়োগের অন্যতম উৎস হিসেবে দাঁড় করানো। কিছু সুবিধা হয়তো বা বেশি দেওয়া হয়েছিল। সময়মতো রাশ টেনে ধরতে না পারায় অতিমূল্যায়িত হয়ে পড়েছিল বাজার। এ জন্য সংশ্লিষ্ট সবাই দায়ী।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বর্তমানে ভালো কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের ইতিহাসে বর্তমান কমিশনই সেরা কমিশন।’
বাজারের গভীরতার স্বার্থে সরকারি প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারমুখো করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের (এফআরএ) কাজ নির্বাচনকালীন সরকারই করে যাবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী সংসদে তা পাস হবে।
ডিএসই সভাপতি আহসানুল ইসলাম বলেন, আগের সরকারের আমলে বাজার থেকে তিন থেকে চার হাজার কোটি টাকা সংগ্রহ হলেও এ আমলে হয়েছে ১০ হাজার কোটি টাকা।