‘রিটগুলোর সমাধান হলে অস্থিরতা দূর হবে’
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে এসইসির নির্দেশনাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে করা রিটগুলোর সমাধান হলে বাজারে অস্থিরতা দূর হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। এক্ষেত্রে গুজব ছড়িয়ে যাতে কেউ ফায়দা লুটতে না পারে, সেদিকে খেয়াল রাখার জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বানও জানানো হয়েছে।উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে এসইসির নির্দেশনাকে বৈধ বলে গত সোমবার রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে এ রায় ঘোষণা করা হয়। একই সঙ্গে হাইকোর্টে করা এ-সংক্রান্ত তিনটি রিটই খারিজ করে দেন আদালত। এতে এসইসির ওই নির্দেশনাই বহাল থাকল।পরদিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ৬৯এর ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে পাঁচটি প্রতিষ্ঠানের ২৩ জন পরিচালক আবারও রিট দায়ের করেন। আদালত রিটগুলো গ্রহণ করে উভয় পক্ষের বক্তব্য শোনেন। পরে রিটগুলোর ব্যাপারে সিদ্ধান্ত দিতে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেন।এদিকে উচ্চ আদালতে পরিচালকদের রিট দায়ের নিয়ে বাজারে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। গত সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে চারদিনই বাজারে দরপতনের ঘটনা ঘটে। রিট দায়ের করাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আস্থাহীনতা সৃষ্টি হওয়ায় বাজারে এই বিরূপ আচরণ দেখা যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ ব্যাপারে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মুহাম্মদ এ হাফিজ প্রথম আলো ডটকমকে বলেন, পরিচালকদের দায়ের করা রিটগুলোর যত দ্রুত সমাধান হবে, তত ভালো। কেননা এতে করে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হয়েছে। তাঁরা আশা করছিলেন, এসইসির নির্দেশনা অনুযায়ী পরিচালকেরা ন্যূনতম শেয়ার ধারণের জন্য বাজার থেকে শেয়ার কিনবেন। কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। উল্টো পরিচালকেরা এর বিরুদ্ধে রিট দায়ের করেন। এটা বিনিয়োগকারীদের মাঝে হতাশার সৃষ্টি করে, যার নেতিবাচক ফল বাজারে দেখা যায়।হাফিজ আরও বলেন, ন্যূনতম শেয়ার ধারণের জন্য ছয় মাসের সময় বেধে দেওয়া হয়েছিল। পরিচালকেরা সময় বাড়িয়ে নিতে পারতেন। এক্ষেত্রে আমরাও সময় বাড়ানোর জন্য এসইসিকে অনুরোধ করতে পারতাম। তাঁরা সেটা না চেয়ে বরং রিট দায়ের করেন। এসব বিষয়ে বাজারে গুজব ছড়িয়ে যাতে কেউ ফায়দা লুটতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য এসইসিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।বাজারের স্বার্থে, নিজেদের স্বার্থে, বাজারের স্থিতিশীলতার স্বার্থে পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণ করা উচিত বলেও মন্তব্য করেন হাফিজ।এ বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, সবাই আশা করেছিল পরিচালকেরা নিজেদের পদ ধরে রাখার জন্য এসইসির নির্দেশনা অনুযায়ী ন্যূনতম শেয়ার ধারণ করবেন। কিন্তু অনেকে ভুল বুঝে উচ্চ আদালতে রিট দায়ের করেন। রিটগুলোর সমাধান হলে বাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা কমে যাবে।বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মো. মুসা এ বিষয়ে প্রথম আলো ডটকমকে বলেন, প্রথমেই পরিচালকদের দায়ের করা রিটগুলো সমাধান হওয়া দরকার। এরপর বোঝা যাবে বাজার কোন দিকে যাচ্ছে।তিনি বলেন, এরই মধ্যে তিনটি রিটের রায় হয়েছে। নতুন করে আরও পাঁচটি রিট করা হয়েছে। এগুলোর রায় হলে বাজারে অস্থিরতা দূর হবে। তবে বাজারে কিছুটা তারল্য সংকট রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে গত বছরের ২২ নভেম্বর একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা অনুযায়ী উদ্যোক্তা-পরিচালকদের ব্যক্তিগতভাবে নিজ কোম্পানির কমপক্ষে ২ শতাংশ ও সম্মিলিতভাবে কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। তবে স্বাধীন পরিচালকেরা এই নির্দেশনার আওতার বাইরে থাকবেন। নির্দেশনাটি পরিপালনের জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়, যা গত ২২ মে শেষ হয়। ওই নির্দেশনা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন কয়েকটি কোম্পানির পরিচালক।