'লক্ষ্মীর হাটে' দম ফেলার ফুরসত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার গাউছিয়া মার্কেটে ঈদের পোশাক কেনাবেচা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার গাউছিয়া মার্কেটে ঈদের পোশাক কেনাবেচা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

দেশের তাঁতশিল্পে উৎপাদিত পোশাকের তীর্থে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া মার্কেট। প্রতিবছরই এ মার্কেটের বেচাকেনা বাড়ছে। ঈদ সামনে রেখে সেখানে এখন ব্যবসায়ীদের দিনরাতের ফারাক থাকছে না। ফুরসত মিলছে না নাওয়া-খাওয়া ও ঘুমের।
রাজধানী ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভুলতা এলাকায় গাউছিয়া মার্কেট অবস্থিত। সেখানে সপ্তাহের সোম ও মঙ্গলবার পাইকারি বাজার বসে। হাটের দিন সেখানে গড়ে প্রায় ৩০ কোটি টাকার পণ্য বিক্রি হয়। অন্যদিনগুলোয় দৈনিক বিক্রির পরিমাণ দাঁড়ায় গড়ে প্রায় ১০ কোটি টাকা।
এই হাটটি দেশের সর্ববৃহৎ তাঁতবস্ত্র বিপণনকেন্দ্র। রুমাল থেকে শুরু করে জামদানি শাড়ি, মাথার টুপি, পাঞ্জাবি, ছাপা কাপড়, থান কাপড়, সুতি কাপড়, থ্রিপিস, ওড়না, শার্ট-প্যান্ট—সবকিছুই মেলে এ মার্কেটে। রমজানের ঈদে বাড়তি যোগ হয় জাকাতের কাপড়।
এ হাটের বিশেষত্ব হলো, এখানকার বেশির ভাগ ক্রেতা নারী। এ জন্য একে ‘লক্ষ্মীর হাট’ নাম দেওয়া হয়েছে। এ হাটকে ঘিরে সারা দেশের প্রায় ২৫ হাজার নারীর ভাগ্যের চাকা সচল হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
সরেজমিন দেখা যায়, রাত গভীর হলে এ হাটে হাঁকডাক বাড়তে শুরু করে। মার্কেটের সামনে ভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়। হাটের গা ঘেঁষে সড়কে লাগে ট্রাকের বহর। মার্কেট থেকে কাপড় নিয়ে সেগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে যায়। 
মার্কেটের ব্যবস্থাপক আবদুল আউয়াল বলেন, ১৯৮৫ সালের গাউছিয়া মার্কেটের প্রথম ভবন গড়ে ওঠে। পরে ধীরে ধীরে ১২০ বিঘা জমির ওপর মার্কেট সম্প্রসারিত হয়। বর্তমানে গাউছিয়া-১, গাউছিয়া-২ ও গাউছিয়া সিটি মার্কেটে পোশাক ও বস্ত্র বিক্রি হচ্ছে।
এ মার্কেটে ব্যবসায়ীদের কোনো টোল জমা, খাজনা বা চাঁদা দিতে হয় না। এ জন্য এটি ব্যবসায়ীদের পছন্দ।
গাউছিয়া মার্কেটের হামজালা বস্ত্রবিতানের মালিক বাবুল মিয়া বলেন, মার্কেটে পাইকারি কাপড়ের দোকান রয়েছে সাড়ে চার হাজারেরও বেশি। তবে এসব দোকান খোলা থাকে সোমবার দুপুর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত। অন্যদিনগুলোয় কিছু দোকান বন্ধ থাকে। মঙ্গলবারে একেকটি দোকানে কমপক্ষে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বস্ত্র ও পোশাক বিক্রি হয়। আবার কোনো কোনো পাইকারি দোকানের বিক্রির পরিমাণ ৪০-৫০ লাখ টাকায়ও ওঠে।
ব্যবসায়ী রুস্তম আলীর হিসাবে, প্রতি মঙ্গলবারে পাইকারি দোকানে গড়ে এক থেকে সাত লাখ টাকার বেচাকেনা হয়। এ মার্কেটকে ঘিরে সরকারি-বেসরকারি ১৯টি ব্যাংকের শাখা খোলা হয়েছে।
এবারের ঈদে বিক্রি বেশ ভালো বলে উল্লেখ করেন জিলানী বস্ত্রবিতানের মালিক আরিফুল হক। তিনি বলেন, এ মার্কেটের বেশির ভাগ ক্রেতা নারী। তাঁরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন। তাই রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে ব্যবসায় মন্দা দেখা দেয়।
মুন্সিগঞ্জের সুজানগর এলাকা থেকে আসা নারী ব্যবসায়ী আমেনা বেগম জানান, তাঁর স্বামী তোফাজ্জল হোসেন ভ্যানচালক। স্বামীর আয়ে সংসার চালানো দায়। তাই পাশের বাড়ির রোকসানা বেগমের পরামর্শে গাউছিয়া থেকে কাপড় কিনে ব্যবসা শুরু করে এখন ভালোই আছেন।
মার্কেটের নিরাপত্তাব্যবস্থাও উন্নত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মার্কেটটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, নারী ক্রেতাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।