'লাভ এখন লোভে পরিণত হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক মালিকদের অতিরিক্ত মুনাফা প্রবৃত্তির কারণে ব্যাংক ঋণের সুদের হার কমছে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। 

আজ মঙ্গলবার রাজধানীতে ‘বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতে ভোক্তা অধিকার সংরক্ষণ’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘বাংলাদেশে বেশি সুদহারের মূল কারণ হলো দুর্নীতি, অদক্ষতা এবং ব্যাংক মালিকদের অতিরিক্ত মুনাফা অর্জনের লোভ। এ অবস্থায় দুর্নীতি আর অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মন্দ ঋণ কমাতে হবে। একই সঙ্গে গণদাবির চাপে ফেলে ব্যাংক মালিকদের সুদহার হ্রাসে বাধ্য করতে হবে।’
বর্তমানে বিআইবিএমের মোজাফফর আহমদ চেয়ার ইব্রাহিম খালেদ ঋণের সুদ হার না কমার জন্য ব্যাংক মালিকদের দায়ী করে বলেন, সুদ হারের বিষয়ে ব্যাংক মালিকেরা দ্বৈত ভূমিকা পালন করছেন। ব্যবসায়ীদের চেম্বার থেকে একদিকে তাঁরা সুদহার কমানোর দাবি জানান; আবার অন্যদিকে তাঁরাই ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বসে উচ্চ সুদহার নির্ধারণ করেন। কেন্দ্রীয় ব্যাংক সুদ হার কমানোর অনুরোধ করলেও ব্যাংক মালিকেরা তাতে কর্ণপাত করেন না। মুনাফা বা লাভ এখন লোভে পরিণত হয়েছে।
বিভিন্ন সেবার ক্ষেত্রে ব্যাংকগুলোর অতিরিক্ত মাশুল আদায়েরও সমালোচনা করেন ইব্রাহিম খালেদ। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেবা মাশুলের হার তুলনামূলক কম হলেও বেসরকারি ব্যাংকের মাশুল হার অনেক বেশি। আর বিদেশি ব্যাংকগুলোর সেবা মাশুল হার রীতিমতো আকাশছোঁয়া।
হল-মার্ক, বেসিক ব্যাংক ও বিসমিল্লাহ গ্রুপসহ বড় বড় দুর্নীতির বিষয়ে ইব্রাহিম খালেদ বলেন, সরকারি ব্যাংকের দুর্নীতি ও ঋণ কেলেঙ্কারির ফলে তৈরি হওয়া ঘাটতি মেটাতে সরকার অনৈতিকভাবে সব ব্যাংককে বাজেট ঘাটতি মূলধন পূরণের ব্যবস্থা করেছে। কিন্তু সে অর্থও তো জনগণের।
এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, প্রতিটি ব্যাংকের শাখায় সেবা মাশুলের তালিকা থাকার বিষয়টি নিশ্চিত করা ও সেবা মাশুল অ্যাপস তৈরির বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।
এ সেমিনারে আরও বক্তব্য দেন ক্যাবের চেয়ারম্যান গোলাম রহমান, বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, সোনালি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন প্রমুখ।