
মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের প্রস্তাবিত একীভূত (মার্জার) হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে অপর চার অপারেটর। তবে এর সঙ্গে কিছু শর্তও জুড়ে দিয়েছে মোবাইল অপারেটররা। একীভূতকরণের বিষয়ে অন্য অপারেটরের মতামত জানতে গতকাল সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস, গ্রামীণফোনের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মাহমুদ হোসেন, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ ও সিটিসেলের ভারপ্রাপ্ত সিইও মাহফুজুর রহমান। বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘একীভূতকরণের বিষয়ে সব মোবাইল অপারেটর পক্ষে মতামত দিয়েছে, কেউ না করেনি। তবে তরঙ্গসহ বেশ কিছু কারিগরি বিষয়ে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে। সেগুলো আমরা বিবেচনার আশ্বাস দিয়েছি।’
বিটিআরসির চেয়ারম্যান আরও বলেন, একীভূতকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিটিআরসি একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। ইতিমধ্যেই একীভূতকরণের আর্থসামাজিক ও কারিগরি বিষয়গুলো নিয়ে দুজন পরামর্শকের নেতৃত্বে দুটি দল কাজ করছে। ১৭ ফেব্রুয়ারি এ বিষয়ে গণশুনানি হবে। চার অপারেটরসহ সব পক্ষের মতামত ওই কমিটি সংযুক্ত করে কমিশনে উত্থাপন করবে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, অব্যবহৃত টুজি ও থ্রিজি তরঙ্গ নিলাম একীভূতকরণের আগে হবে না পরে হবে, সে বিষয়ে কমিশনের অবস্থান সম্পর্কে বৈঠকে জানতে চাওয়া হয়। তরঙ্গ বরাদ্দে ভারসাম্য বা লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার অনুরোধও জানায় চার অপারেটর।
তরঙ্গ বরাদ্দ ও গ্রাহক অনুপাতের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে বৈঠকে গ্রামীণফোন জানায়, বাজারের মোট গ্রাহকের ২৯ শতাংশ বা ৩ কোটি ৯০ লাখ গ্রাহককে সেবা দেওয়ার জন্য একীভূত রবি-এয়ারটেলের থাকবে ৩৯ দশমিক ৮ মেগাহার্টজ তরঙ্গ, যা টুজি ও থ্রিজি ব্যান্ডের মোট তরঙ্গের ৩৪ শতাংশ। অন্যদিকে ৪২ শতাংশ বা ৫ কোটি ৬৭ লাখ গ্রাহককে সেবা দেওয়ার জন্য গ্রামীণফোনের তরঙ্গ থাকবে ৩২ মেগাহার্টজ, যা টুজি ও থ্রিজির মোট তরঙ্গের ২৭ শতাংশ।
উল্লেখ্য, টুজি ও থ্রিজি ব্যান্ডে একীভূত রবি-এয়ারটেলের তরঙ্গ হবে ৩৯ দশমিক ৮ মেগাহার্টজ, যা সব অপারেটরের মধ্যে সর্বোচ্চ হবে। রবির কাছে বর্তমানে ১৯ দশমিক ৮০ মেগাহার্টজ ও এয়ারটেলের ২০ মেগাহার্টজ তরঙ্গ রয়েছে।
এ বিষয়ে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, একীভূতকরণ ও তরঙ্গ নিলাম দুটি আলাদা বিষয়, দুটির কার্যক্রমই একসঙ্গে চলবে। গত বছরের মার্চে ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ দশমিক ৬ মেগাহার্টজ এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডে ১৫ মেগাহার্টজ তরঙ্গ নিলামের মাধ্যমে মোবাইল অপারেটরদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছিল বিটিআরসি। সিম প্রতিস্থাপন করসহ কয়েকটি কারণে ওই তরঙ্গ নিলামে মোবাইল অপারেটররা অংশ নেয়নি।
তরঙ্গের পাশাপাশি নম্বর কোডের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে মোবাইল অপারেটররা। এ বিষয়ে জানানো হয়, একীভূত অপারেটর ০১৮ ও ০১৬ যুক্ত দুটি নম্বর কোড ব্যবহার করে ২০ কোটি নম্বর দিয়ে গ্রাহককে সেবা দেওয়ার সুযোগ পাবে। কিন্তু অন্য অপারেটররা একটি নম্বর কোড দিয়ে সর্বোচ্চ ১০ কোটি নম্বর তৈরি করতে পারবে, এটা করা হলে বাজারে প্রতিযোগিতার জন্য তা ভারসাম্যপূর্ণ হবে না।