‘শুধু সিআইপি কার্ড নয় গ্যাস-বিদ্যুৎ দিন’
‘শুধু সিআইপি কার্ড দিয়ে আমাদের খুশি করলে হবে না। আল্লাহর ওয়াস্তে সিআইপি কার্ডের পরিবর্তে আমাদের জন্য গ্যাস-বিদ্যুতের ব্যবস্থা করেন।’বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেমের উদ্দেশে এমন অনুরোধ করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ।রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল বুধবার সিআইপি (রপ্তানি) ২০১১-এর কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়।বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই হচ্ছেন সিআইপি। বাণিজ্য মন্ত্রণালয় প্রতিবছর সিআইপি কার্ড দিয়ে থাকে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ১১৬ জন ব্যবসায়ীকে সিআইপি কার্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে ৭৮ জন রপ্তানিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এবং ৩৮ জন এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে পদাধিকারবলে সিআইপি কার্ড পেয়েছেন।আবুল কাশেমকে উদ্দেশ করে এ কে আজাদ বলেন, ‘কাশেম ভাই, আপনি এমপি (সাংসদ)। কালকে সংসদে গিয়ে আপনি বলেন, ব্যবসায়ীদের গ্যাস-বিদ্যুৎ না দিলে আমি সংসদ থেকে যাব না। অনশন করব।’ একইভাবে আবুল কাশেমকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়নের দাবিও সংসদে তোলার অনুরোধ করেন তিনি।২০১০ সালের জুন থেকে সরকার শিল্প খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ রেখেছে। তবে গত রোববার এফবিসিসিআই আয়োজিত সেমিনারে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী এক মাসের মধ্যে শিল্প খাতে নতুন গ্যাস-সংযোগ শুরুর কথা জানান।সিআইপি কার্ড পাওয়া সাংসদ নাজমুল হাসান বলেন, ‘আপনাদের কাছে কিছুই চাওয়ার নেই। আমাদের শুধু ব্যবসা করতে দেন। বাধার সৃষ্টি করবেন না।’সিআইপি কার্ডধারীরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র, জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ, ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেলপথ, সড়কপথ ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণ, সিআইপি ও তাঁর স্ত্রী-পুত্র-কন্যারা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন পেতে অগ্রাধিকার এবং বিদেশ ভ্রমণে বিশেষ সুবিধা পাবেন। ২০১২ সালের সিআইপি ঘোষণা না করা পর্যন্ত তাঁরা এ সুযোগ-সুবিধা ভোগ করবেন।এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন অভিযোগ করেন, ‘সিআইপিদের জন্য বিমানবন্দরে যে বসার জায়গা রাখা হয়েছে তাতে নিজেদের খুব ছোট মনে হয়। বসার জন্য সেখানে রাখা হয়েছে কয়েকটি টুল।’অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, মন্দা সত্ত্বেও গত অর্থবছর দেশে প্রায় ৬ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। এটি ধরে রাখতে হলে রপ্তানিমুখী পণ্যের উৎপাদন বাড়াতে হবে, গুণগত মান বজায় রাখতে হবে।বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন বলেন, ‘বিগত সরকারের আমলে চার বছর সিআইপি কার্ড দেওয়া হয়নি। তাই জট তৈরি হয়েছে। এটি কাটিয়ে উঠতে আমরা কাজ করছি। ২০১২ সালের মধ্যেই ২০১২ সালের সিআইপি কার্ড দেওয়া হবে।’অনুষ্ঠানে জানানো হয়, ২০১৩ সালের সিআইপি কার্ড পেতে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন সরকার, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবির) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু রপ্তানিকারকদের সংগঠন ইএবির সভাপতি আবদুস সালাম মুর্শেদী, এফবিসিসিআইয়ের পরিচালক মনোয়ারা হাকিম আলী প্রমুখ বক্তব্য দেন।