‘শেয়ার ছাড়া পরিচালক হবেন—তা হতে পারে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোম্পানির শেয়ার নেই, অথচ আপনি ওই কোম্পানির পরিচালক হবেন—তা কোনোভাবেই হতে পারে না।’ এই মন্তব্য বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর-রশিদ-চৌধুরীর। গতকাল শনিবার প্রথম আলো ডটকমকে তিনি এ কথা বলেন।মিজান-উর-রশিদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিচালকদের শেয়ার কেনা সম্পন্ন করতে হবে। কোনোভাবেই এতে ছাড় দেওয়া ঠিক হবে না। এ ছাড়া কয়েকজন পরিচালকের এ সংক্রান্ত রিটের জবাব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সম্মিলিতভাবে এবং শিগগিরই দেওয়া হবে বলে জানান তিনি। পুঁজিবাজার নিয়ে সরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজের অংশ হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনা অনুযায়ী পরিচালকদের শেয়ার কেনার সময়সীমা আগামী ২১ মে শেষ হচ্ছে। এর মধ্যে তাঁদের ব্যক্তিগতভাবে নিজ কোম্পানির দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে বলা হয়। তবে স্বাধীন উদ্যোক্তা-পরিচালক এই নির্দেশনার আওতার বাইরে থাকবেন বলে ওই নির্দেশনায় বলা হয়।এদিকে বিদ্যমান বাজার পরিস্থিতি নিয়ে গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতাদের সঙ্গে বৈঠক করেন বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা। এসময় বিনিয়োগকারীদের পক্ষ থেকে শেয়ারধারণের নির্ধারিত সময় না বাড়ানোর জন্য ডিএসইকে অনুরোধ জানানো হয়। এ ছাড়া সম্মিলিতভাবে রিটের জবাব দেওয়ার ব্যাপারেও একমত হয়েছে ডিএসই ও বিনিয়োগকারী ঐক্য পরিষদ।এ বিষয়ে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী প্রথম আলো ডটকমকে বলেন, গত কয়েকদিন পরিচালকদের শেয়ার ধারণের বিষয় নিয়ে বাজারে কিছুটা অস্থিরতা দেখা যায়। এ অবস্থায় শেয়ার ধারণের সময়সীমা বাড়ানো হবে না বলে জানান তিনি। গত বৃহস্পতিবার ডিএইর সঙ্গে এক বৈঠকে বিনিয়োগকারীরাও এ বিষয়ে তাঁদের দৃঢ় অবস্থানের কথা বলেছেন।