'শেষ সময়ে প্রকল্পের কাজ শুরুই হয় চুরির জন্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের বাস্তবায়ন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রুস্তম আলী ফারাজী বলেছেন, ‘শেষ সময়ে প্রকল্পের কাজ শুরুই হয় চুরির জন্য।’
রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে গতকাল রোববার এক সভায় রুস্তম আলী ফারাজী বলেন, ‘সব সময় দেখা যায় বর্ষায় কাজ ধরা হয়। কেন এর কাজ আগে শুরু করা হয় না। বর্ষায় কাজ ধরার জন্য কয় দিন পরই রাস্তাঘাট আবার নষ্ট হয়ে যায়।’ এরপর অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এবার বাজেট বরাদ্দ করবেন শুরু থেকে কাজ করার জন্য। শেষ সময়ে কাজ শুরু করার জন্য নয়।’
কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রাক্-বাজেট আলোচনার জন্যই এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রীর দুই পাশে ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান।
সভায় রুস্তম আলী ফারাজী বলেন, ট্যাক্সের নাম শুনলেই মানুষ ভয় পায়। ট্যাক্সের সিস্টেমটা আরেকটু সহজ করেন। প্রয়োজনে ট্যাক্স কম ধরেন। প্রথমে শুরু করেন। তারপর বাড়ান।
সাবেক তথ্যমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, যারা বেশি বড়লোক, তারা ট্যাক্স দেয় না। কীভাবে বড়লোকদের কাছ থেকে ট্যাক্স নেওয়া যায়, আপনি (অর্থমন্ত্রী) তার উপায় বের করেন।
যেসব প্রকল্প ঠিকমতো সম্ভাব্যতা যাচাই না করেই নেওয়া হয়, সেগুলোকে ‘হেলাফেলার প্রকল্প’ উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, এডিপিতে হেলাফেলার অনেক প্রকল্প আছে, যেগুলো ১৫-১৬ বছর ধরে চলছে। অনেক প্রকল্পের টাকা আছে, কিন্তু খরচ হয় না, ফেরত যায়। অনেক প্রকল্প আদৌ শেষ করা সম্ভব না। অনেক প্রকল্প দু-তিনবার রদবদল করতে হয়। এডিপিতে কোন প্রকল্পগুলোর অগ্রাধিকার পাওয়া উচিত, তা আগে ঠিক করতে হবে। সুশাসন ছাড়া কোনো প্রকল্পই ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক কর-জিডিপি অনুপাত বাড়ানো উচিত বলে মন্তব্য করেন।
এর পরিপ্রেক্ষিতে তখনই অর্থমন্ত্রী বলেন, ১৬ কোটির দেশে মাত্র ১১ লাখ মানুষ কর দেয়। তাহলে তো এ হার বাড়ানোই যায়। তিনি বলেন, বর্তমানে কর-জিডিপির হার ১০ দশমিক ৯ শতাংশ। গত ছয় বছরে এর হার ৩ শতাংশ বেড়েছে। এর আগে ৩ শতাংশ বাড়তে ২৭ বছর লেগেছে।
সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, জনগণ বাজেট থেকে রিওয়ার্ড (পুরস্কার) চায়। রাস্তাঘাট, সেতু হলো এ রিওয়ার্ড।
সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মুহিবুর রহমান বলেন, ব্যাংকে দুর্নীতির মাধ্যমে কিছু লোক অনেক অর্থের মালিক হয়েছে। এর সমাজে একটা বার্তা যাচ্ছে যে, এভাবে বিত্তের মালিক হওয়া যায়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক বলেন, স্বাস্থ্য খাতে প্রতিবছর মোট বাজেটের ৫ শতাংশের মতো বরাদ্দ থাকে। এটা বাড়ানো প্রয়োজন। তিনি ওষুধ রপ্তানির ওপর প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেন।
সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জিল্লুল হাকিম বলেন, বিদ্যুতের উৎপাদন বেড়েছে। কিন্তু সঞ্চালন ও বিতরণব্যবস্থা এখনো মান্ধাতার আমলের। এগুলো লোড নিতে পারে না। এ বিষয়ে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে কর বাড়ানো প্রয়োজন। সেখানে কর দেওয়ার মতো অনেক মানুষ আছে। তাদের টিআইএনের আওতায় আনতে হবে।
অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে এবার জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারবে না। তবে কাছাকাছি যাবে।
অর্থমন্ত্রী আরও বলেন, যেসব স্থানে মাটির কাঁচা রাস্তা আছে, সেগুলো পাকা হবে। পাকা রাস্তা আরও উন্নত হবে। কিন্তু ফসলি জমির ওপর দিয়ে নতুন করে কোনো রাস্তাঘাট হবে না।