বাংলাদেশের পোশাক কারখানায় প্রস্তুত করা একটি টি-শার্টের ন্যায্যমূল্য কত? এই প্রশ্নটি এখন যেন অনাবৃত করেছে সাভারের বিয়োগান্ত ঘটনার (ট্র্যাজেডি) ধ্বংসাবশেষ। সাভার ঘটনা এটাই বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, সারা বিশ্বে কম দামি কাপড়ের চাহিদা ক্রমেই বাড়ছে। কিন্তু কম দামি এই কাপড়ের চাহিদা পূরণে শ্রমিকদের দিতে হচ্ছে চড়া মূল্য।সাভারে ভবনধসে তিন শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনাটি সম্পর্কে এ রকম মন্তব্যই করা হয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আর্থিক দৈনিক পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস-এর এক সম্পাদকীয়তে।সম্পাদকীয়তে বলা হয়, সাভার ট্র্যাজেডির জন্য প্রথম ও প্রধানত দায়ী করা হচ্ছে ভবনমালিককে, রাজনীতির প্রভাব বিস্তার করে যিনি ভবন নির্মাণের ক্ষেত্রে আইনি বিধিবিধান লঙ্ঘন করেছেন। আর সেই ভবনের ভাড়াভিত্তিক কারখানায় বিশ্বের প্রতিষ্ঠিত ব্র্যান্ডের জন্য কম দামের পোশাক তৈরি হতো। শ্রমিকের সস্তা শ্রম আর অসুস্থ কর্মপরিবেশ বিশ্বের নামীদামি ব্র্যান্ডের পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর মুনাফা এনে দিত। তাই বিশ্বের প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোকেও এর দায় নিতে হবে।কোনো একটি ঘটনা ঘটার পর কারখানা পরিদর্শন কিংবা চুক্তির নামে বিশ্বের প্রতিষ্ঠিত ক্রেতাদের কিছু মানদণ্ড আরোপ করা এখন আর যথেষ্ট নয় বলে এই সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ব্র্যান্ড প্রাইমার্ক নৈতিক বাণিজ্যে তাদের প্রচেষ্টার যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল শ্রমিক সংগঠন ও প্রচারণা গোষ্ঠীর। কিন্তু বাস্তবতা হলো, এ ধরনের পরিদর্শন কার্যক্রম কোনো কাজেই আসে না, যদি না আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা যায়।তৈরি পোশাকের ক্রেতারা সবসময় এটা বলে থাকেন যে আইনের বিধিবিধান পরিপালন নিশ্চিত করা তাঁদের কাজ নয়। এটা সত্য। তবে তাঁরা দীর্ঘমেয়াদি সম্পর্কের মাধ্যমে কারখানাগুলোতে কর্মরত শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। সে সঙ্গে তাঁরা তাঁদের আর্থিক শক্তি দিয়ে সরকারের ওপর চাপ তৈরি করতে পারেন, যেন সরকার কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নত করতে আইনের বিধিবিধান পরিপালনে কার্যকর ব্যবস্থা নেয়।সম্পাদকীয়তে এও বলা হয়েছে, বাংলাদেশের সরকারব্যবস্থা তৈরি পোশাকশিল্পের কাছে জিম্মি। অনেক রাজনীতিবিদ নিজেই তৈরি পোশাক কারখানার মালিক। এ কারণে কারখানার ভবন নির্মাণ, শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তা, কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান আইনকানুন পালনে আগ্রহী নয়।পোশাকের মূল্য প্রতিযোগিতা ও কাঁচামালের ঊর্ধ্বগতিসহ নানা কারণে বিশ্বখ্যাত পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে থাকতে পারে। তাই বলে শ্রমিকের জীবনের বিনিময়ে তৈরি হওয়া পোশাক তারা বিক্রি করতে পারে না, যেটা শ্রমিক অধিকার সংগঠনগুলো বারবার বলে আসছে। পোশাকের এই লাভ-লোকসানের হিসাবের চেয়ে এতে বাংলাদেশের ভাবমূূর্তি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাভারের রানা প্লাজায় যা ঘটেছে, তা বাংলাদেশে প্রথম ঘটনা তো নয়ই, এমনকি এটিকে শেষ ঘটনাও বলা যায় না।