এ সপ্তাহের সাক্ষাৎকার: পোশাক কারখানায় আবার অগ্নিকাণ্ডে শ্রমিকের প্রাণহানিতে নতুন সংকটে পড়েছে তৈরি পোশা খাত। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী
‘শ্রমিকদের নিরাপত্তা দেবেন না, সেটি তো হতে পারে না’
প্রথম আলো: তাজরীনের দুই মাস পর স্মার্ট কারখানায় অগ্নিকাণ্ড। আবার শ্রমিকের প্রাণহানি। পোশাকশিল্পের সংকটে এ দুর্ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। বিষয়টি আপনি কীভাবে দেখছেন? নাসির উদ্দিন চৌধুরী: গত ৩০ বছরে একটু একটু করে তৈরি পোশাক খাত আজকের অবস্থানে এসেছে। বর্তমানে এটি দেশের অর্থনীতির হূৎপিণ্ড। এর পেছনে হাজার হাজার উদ্যোক্তা ও লাখ লাখ শ্রমিকের নিরলস শ্রম ও প্রচেষ্টা মিশে আছে। কিন্তু তাজরীন ও স্মার্টের ঘটনা খাতটিকে কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। আসলে দুটি ঘটনায় ৩০ বছরের অর্জনে দাগ লেগেছে। এটি আমাদের বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হবে। তবে দেশের স্বার্থে এ শিল্পকে বাঁচাতে হবে। এখন সরকার, মালিক ও শ্রমিকসহ সবাই যদি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসেন তাহলে দ্রুতই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আমরা বের হতে পারব।প্রথম আলো: গত বুধবার স্মার্টের দুই মালিককে গ্রেপ্তার করা হয়েছে। পোশাক কারখানার অগ্নিকাণ্ডে সংশ্লিষ্ট মালিকপক্ষকে দায়ী করাকে আপনি কীভাবে দেখেন? নাসির উদ্দিন চৌধুরী: দুর্ঘটনা ঘটতেই পারে। তবে স্মার্টের মতো যেসব কারখানার অগ্নিনির্বাপণ যন্ত্র কিংবা বিকল্প সিঁড়ি নেই সেসব মালিকপক্ষকে অবশ্যই আইনের আওতায় নিয়ে কঠোর বিচার করতে হবে। আপনি শ্রমিকদের দিয়ে কাজ করাবেন কিন্তু তাঁদের নিরাপত্তা দেবেন না—সেটি তো হতে পারে না। প্রথম আলো: বিজিএমইএ চার শতাধিক অবৈধ পোশাক কারখানার একটি তালিকা মন্ত্রণালয়কে দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি করেছে। কারখানাগুলো বন্ধ করে দেওয়া কি উচিত হবে?নাসির উদ্দিন চৌধুরী: কারখানা বন্ধ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ভালোভাবে ব্যবসা করছে। দু-একটি দুর্ঘটনার জন্য সবাই এখন দায়ী হচ্ছে। তবে তাদের তদারকি করার একটি ব্যবস্থা সরকার নিতে পারে। যেসব কারখানা কোনো আইনের ধার ধারে না সেগুলোকে কমপ্লায়েন্সের শর্ত মানতে সময় বেঁধে দেওয়া যেতে পারে। তার পরও যদি কিছু না হয়, তখন লাইসেন্স বাতিল বা বন্ধ করা দেওয়া যেতে পারে।প্রথম আলো: স্মার্ট অন্য প্রতিষ্ঠানের ঠিকা (সাব-কন্ট্রাক্টর) কাজ করত। কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ঠিকাকাজ নিয়েও সমালোচনা হচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?নাসির উদ্দিন চৌধুরী: এটি বন্ধ করা ঠিক হবে না। আর সাব-কন্ট্রাক্টরি কাজ করা অন্যায় কিছু না। তবে সেটি যেন নিরাপদ জায়গায় হয়, তা শতভাগ নিশ্চিত করতে হবে। কারণ একটি দুর্ঘটনা ঘটলে বাকি সবার ওপরই বিরূপ প্রতিক্রিয়া পড়ে। সবাই ক্ষতিগ্রস্ত হয়। প্রথম আলো: স্মার্ট বিজিএমইএয়ের সদস্য নয়। এ জন্যই কি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণে সমিতি কোনো উদ্যোগ নিচ্ছে না?নাসির উদ্দিন চৌধুরী: এ অভিযোগটি সত্য নয়। ঘটনার পর পরই সমিতির পক্ষ থেকে আহতের খোঁজখবর নেওয়া হয়েছে। মানবিক জায়গা থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। এটি ইতিমধ্যে শ্রম মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে আমরা জানিয়েছি।প্রথম আলো: দুই মাসের ব্যবধানে বড় দুটি অগ্নিকাণ্ড ঘটল। তাহলে কি ধরে নেব এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে যা হচ্ছে, তা সব লোক দেখানো? নাসির উদ্দিন চৌধুরী: অগ্নিদুর্ঘটনা প্রতিরোধকে বিজিএমইএ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে যৌথভাবে কাজ করছে সমিতি। ইতিমধ্যে বিভিন্ন কারখানার পাঁচ হাজার কর্মীকে ফায়ার ফাইটার হিসেবে প্রশিক্ষিত করা হয়েছে। প্রচেষ্টা অব্যাহত আছে। ক্র্যাশ প্রোগ্রাম ও টাস্কফোর্সের মতো কার্যক্রম চলছে।প্রথম আলো: যুক্তরাষ্ট্রের জিএসপি নিয়েও টানাপোড়েন চলছে। তৈরি পোশাক খাত এই সুবিধা পায় না। তবু এটি হারালে কী ধরনের অসুবিধা তৈরি হতে পারে বলে মনে করেন? নাসির উদ্দিন চৌধুরী: যুক্তরাষ্ট্রে আমাদের মোট রপ্তানি পণ্য মাত্র দশমিক ৫ শতাংশ জিএসপি-সুবিধা পায়। এর মধ্যে তৈরি পোশাক অন্তর্ভুক্ত নয়। কিন্তু এটি বাতিল হলে সারা বিশ্বে ভুল বার্তা যাবে। তখন আমরা সমস্যায় পড়ে যাব। তা ছাড়া যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকে জিএসপি পাওয়ার প্রত্যাশাটাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য যৌথভাবে কাজ করছে। তারা বলছে, জিএসপি-সুবিধা অব্যাহত রাখতে প্রয়োজনে লবিস্ট নিয়োগ করা হবে। তাই মনে হচ্ছে, সরকার মোটামুটি চেষ্টা করছে। [সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার]