বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বলেছেন, ‘শ্রমিকেরা সন্তুষ্ট হলেই আমি সন্তুষ্ট।’ সাভারের রানা প্লাজা ধস-পরবর্তী সময় বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে নেওয়া কার্যক্রমে সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত এবং একাধিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে তৈরি পোশাক কারখানার মালিকদের সমিতি বিজিএমইএ। এতে সমিতির পক্ষ থেকে রানা প্লাজা ধসের পর নেওয়া উদ্যোগ এবং পোশাকশিল্পের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।
মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম সভার সারমর্ম তুলে ধরেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হিদার ক্রুডেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ-দেশীয় পরিচালক শ্রী নিবাস রেড্ডি, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর ও অর্থনীতিবিদ মামুন রশীদ। উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম।
রানা প্লাজা ধস-পরবর্তী নেওয়া উদ্যোগের বিষয়ে হিদার ক্রুডেন আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে অগ্রগতি কম হয়েছে। অবশ্য আমাদের অনেক প্রত্যাশা, যার কিছু আবার কাল্পনিক।’ তবে তথ্যভান্ডার, শ্রমিকের নিরাপত্তা, সময়মতো ন্যায্য মজুরি দেওয়া ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাই বাংলাদেশের পোশাকশিল্পের জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
অপর এক প্রশ্নের জবাবে কানাডার হাইকমিশনার বলেন, ‘কানাডার ক্রেতারা বাংলাদেশ থেকে প্রতিবছর ১১০ কোটি ডলারের পোশাক কেনেন। ফলে আমাদের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। তবে আশার কথা হচ্ছে, ক্রেতাদের জোট অ্যাকর্ড এখানকার পোশাক কারখানার পরিদর্শনের কাজটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।’
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আইএলওর এ-দেশীয় পরিচালক শ্রী নিবাস রেড্ডি বাংলাদেশের পোশাক কারখানায় শ্রম সংঘ বা ট্রেড ইউনিয়ন করার হার বাড়ছে বলে মন্তব্য করেন। এতে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ২০১০ সালে মাত্র দুটি ইউনিয়ন নিবন্ধন হয়। আর গত ১৫ মাসে ১৩৪টি ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হয়েছে।
শ্রী নিবাস রেড্ডি আরও বলেন, রানা প্লাজা ধসে আহত ও নিহতদের ক্ষতিপূরণের জন্য ‘ট্রাস্ট ফান্ড’ নামে একটি তহবিল গঠন করা হয়েছে। এখন পর্যন্ত ৭০ লাখ ডলার জমা পড়েছে। এ ছাড়া প্রাইমার্ক দেবে ৯০ লাখ ডলার। তিনি বলেন, ‘আশা করছি ২৩ এপ্রিলের মধ্যে আরও অর্থ জমা পড়বে। তবে শেষ পর্যন্ত যা জমা হবে, তা দিয়েই সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’
সাভারের ভবনধসের বর্ষপূর্তির আগেই ট্রাস্ট ফান্ড থেকে তিন হাজার ৬৩৯ জনকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান আইএলওর এ-দেশীয় পরিচালক।
আহসান এইচ মনসুর বলেন, ‘রানা প্লাজা ধস আমাদের একটি দুর্বল দিক। জাতি হিসেবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমরা পোশাকশিল্পের সমালোচনা করতে পারি, পরামর্শ দিতে পারি। কিন্তু তাদের (পোশাক খাতের) ভালোই আমাদের ভালো।’
আহসান এইচ মনসুর আরও বলেন, ‘আমাদের নজরে রাখতে হবে, পোশাকশিল্পের প্রবৃদ্ধির সঙ্গে শ্রমিকদের উন্নতি হচ্ছে কি না। পোশাক খাত আরও অগ্রগতি অর্জন করলে সামাজিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে।’