বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ত্রুদ্ধডেন বলেছেন, ‘শ্রমিকেরা সন্তুষ্ট হলেই আমি সন্তুষ্ট’। সাভারে রানা প্লাজা ধস-পরবর্তী বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে নেওয়া কার্যক্রমে সন্তুষ্ট কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার ১৪ দেশের কূটনীতিক ও একাধিক উন্নয়ন সংস্থার প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ। এতে বিজিএমইএর পক্ষ থেকে রানা প্লাজা ধসের পর নেওয়া উদ্যোগ ও পোশাকশিল্পের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।
মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনের বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম সভার সারমর্ম তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হিদার ত্রুদ্ধডেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এদেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি, পলিসি রিসার্চ ইনিস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রমুখ। উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম।
রানা প্লাজা ধস-পরবর্তী নেওয়া উদ্যোগের বিষয়ে হিদার ত্রুদ্ধডেন আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে অগ্রগতি কম হয়েছে। অবশ্য আমাদের অনেক প্রত্যাশা, যার কিছু আবার কাল্পনিক।’ তবে তথ্যভান্ডার, শ্রমিকের নিরাপত্তা, সময়মতো ন্যায্য মজুরি দেওয়া এবং ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাই বাংলাদেশের পোশাকশিল্পের জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
শ্রীনিবাস রেড্ডি বাংলাদেশের পোশাক কারখানায় শ্রম সংঘ বা ট্রেড ইউনিয়ন করার হার বাড়ছে বলে মন্তব্য করেন। এতে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ২০১০ সালে মাত্র দুটি ইউনিয়ন নিবন্ধন হয়। আর গত ১৫ মাসে ১৩৪টি ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হয়েছে।
শ্রীনিবাস রেড্ডি আরও বলেন, রানা প্লাজা ধসে আহত ও নিহতের ক্ষতিপূরণের জন্য ‘ট্রাস্ট ফান্ড’ নামে একটি তহবিল গঠন করা হয়েছে। এখন পর্যন্ত ৭০ লাখ ডলার জমা পড়েছে। এ ছাড়া প্রাইমার্ক দেবে ৯০ লাখ ডলার। তিনি বলেন, ‘আশা করছি ২৩ এপ্রিলের মধ্যে আরও অর্থ জমা পড়বে। তবে শেষ পর্যন্ত তহবিলে যা জমা হবে, তা দিয়েই সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’
এতে রানা প্লাজা ধস-পরবর্তী উদ্যোগ ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বিজিএমইএর সভাপতি ও আহসান এইচ মনসুর পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।