'সক্ষমতা নেই এনবিআরের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্য ধরা হয়, তা অর্জন করা কঠিন কিছু নয়। এর চেয়ে বেশিও আদায় সম্ভব। তবে আদায় হচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতার অভাবে।
এসব কথা বলেছেন এনবিআরের সদস্য (শুল্কনীতি) ফরিদ উদ্দিন। তিনি দাবি করেছেন, জনবল ঘাটতি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সম্ভাবনা থাকার পরও পর্যাপ্ত রাজস্ব আদায় হচ্ছে না।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং নারী উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও এসএমই উন্নয়নে নেওয়া বাংলাদেশ ইন্সপায়ারের যৌথ উদ্যোগে আয়োজিত এক বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন।
মতিঝিলে ঢাকা চেম্বার কার্যালয়ে গতকাল শনিবার সংলাপটি অনুষ্ঠিত হয়। বিল্ডের ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আসিফ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ উদ্দিন।
ফরিদ উদ্দিন বলেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) হিসাবে ২৭ থেকে ৩০ হাজার টাকা আয় করেন এমন মানুষের সংখ্যা ৩ কোটি। অথচ মাত্র ১২ লাখ লোক কর দেন। বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশে ১ লাখ ২৮ হাজার কোম্পানি নিবন্ধিত আছে। এর মধ্যে ৫০ হাজার আয়কর রিটার্ন জমা দেয়।
অনুষ্ঠানে বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা ও দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা দুটি উপস্থাপনা তুলে ধরেন। এ সময় আরও বক্তব্য দেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশিদ, সাবেক সভাপতি মতিউর রহমান, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কর্মসূচি ব্যবস্থাপক মাশরুর রিয়াজ প্রমুখ।