‘সঠিক কাজ বা বাড়ি খুঁজে পাওয়া কঠিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতি সম্পর্কে একটা পুরোনো কৌতুক হলো এ রকম: একটি বিষয় যে বাস্তবে কাজ করে তা সবাই জানে। তবে বিষয়টি তত্ত্বে কাজ করে কি না, তা সঠিকভাবে কেউ জানে না। এই কৌতুকে অর্থনীতির তত্ত্ব আর বাস্তবের মধ্যকার বিস্তর ব্যবধানের দিকটি তুলে ধরা হয়েছে। আর প্রতিবছর যখন অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, তখন এই কৌতুকটির পুনরাবৃত্তি হয়ে থাকে বিভিন্ন আলোচনায়।সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির পিটার ডায়মন্ড ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ডেল মরটেনসেন এবং লন্ডন স্কুল অব ইকোনমিকসের ক্রিস্টোফার পিসারিডেজ যখন যৌথভাবে ২০১০ সালে অর্থনীতিতে নোবেল পেলেন তখন প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেকেই এই ধরনের কৌতুকের আশ্রয় নিয়েছেন। তবে যাঁরা হালকা রসিকতায় নয়, কঠোর বাস্তবতা দিয়েই বিচার করতে চান, তাঁরা বেশ রূঢ় ভাষাতেই তাঁদের অভিমত প্রকাশ করেন। ১১ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণার পরদিন নিউইয়র্ক টাইমস-এর অনলাইন সংস্করণে একটি মন্তব্য ছিল—এই পুরস্কার সেসব লোকই (অর্থনীতিবিদ) পাচ্ছেন, যাঁরা কাগজপত্রে চাতুর্যপূর্ণ মডেলিং তুলে ধরেন, যা বাস্তবের সঙ্গে সামান্যই সম্পর্কিত ও নীতি প্রণয়নের কাজে মূল্যহীন। বিলেতের খ্যাতনামা পত্রিকা গার্ডিয়ান-এর অনলাইন সংস্করণে কটাক্ষ করে একজন লিখেছেন, অর্থনীতিবিদেরা কোনো কিছুর মূল্য জানেন না। বেশির ভাগ অর্থনীতিবিদ যা অনেক বড় ব্যাপার বলে জানতেন, তা অর্থহীন হয়ে পড়েছে। বলা ভালো যে অর্থনীতির বড় বড় তত্ত্ব ও বিশ্লেষণ প্রধানত পশ্চিমা দেশনির্ভর হওয়ায় পৃথিবীর অন্য অনেক দেশেই সেসবের প্রাসঙ্গিকতা বিভিন্ন সময়ে ভুল প্রমাণিত হয়েছে।বিরুদ্ধবাদীদের মধ্যে যাঁরা রীতিমতো কট্টর, তাঁরা তো এই পুরস্কারকে ধর্তব্যের মধ্যেই আনতে চান না। তাঁদের দাবি, অর্থনীতিতে আসলে নোবেল পুরস্কার বলে কিছু নেই। আলফ্রেড নোবেলের মূল উইলে অর্থনীতির কথা ছিল না। তাঁদের দাবিটি ঠিক। পুরস্কারটির নাম আসলে ‘সেভরিজস রিকসব্যাংক প্রাইজ ইন ইকোনমিকস সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল।’ এটি ১৯৬৯ সাল থেকে দেওয়া হচ্ছে এবং মোটা দাগে অর্থনীতিতে নোবেল পুরস্কার হিসেবেই পরিচিত হয়ে গেছে।অবশ্য এবার কে বা কারা অর্থনীতিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন, তা নিয়ে পুরস্কার ঘোষণার কিছুদিন আগে থেকেই জল্পনা-কল্পনা চলছিল। একপর্যায়ে যাকে বলে বাজি ধরার অবস্থাও তৈরি হয়। নিউজিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আই-প্রেডিক্ট পুরস্কার ঘোষণার আগে একটি জরিপ-তথ্য প্রকাশ করে। তাতে দেখা যায়, ৩৪ শতাংশ মনে করছেন, শিকাগো বিশ্ববিদ্যালয়ের রিচার্ড থালের ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের রবার্ট শিলার এবারের পুরস্কার পেতে যাচ্ছেন। আর তাই পুরস্কার ঘোষণার পর ফাইন্যান্সিয়াল টাইমস-এর আলফাভাইল ব্লগে এই ঘোষণাকে ‘আরেকটি অপ্রত্যাশিত’ বলে অভিহিত করা হয়। থালের ও শিলারের সম্পর্কে উচ্চ পূর্বানুমানের মূলে ছিল আর্থিক বাজার বিষয়ে তাঁদের কাজ। সম্ভাব্য তালিকায় হার্ভার্ডের মার্টিন ওয়েটজম্যান আর ইয়েলের উইলিয়াম নরডহাউসের নামও উঠে এসেছিল জোরেশোরে। তারা দুজনে মিলে জলবায়ুগত পরিবর্তনের অভিঘাতের বিপরীতে টিকে থাকার অর্থনৈতিক কৌশল নিয়ে কাজ করেছেন। বিষয়টি যে খুবই প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় তাতে কোনো সন্দেহ নেই। পুরস্কার ঘোষণার পর তিনজনের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ডায়মন্ড। এটা যতটা না তার কাজের জন্য, তার চেয়ে বেশি তাঁকে নিয়ে সৃষ্ট রাজনীতির জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পর্ষদে অন্তর্ভুক্ত করার জন্য মনোনীত করেছিলেন। কিন্তু ওবামার এই মনোনয়ন কার্যকর করতে দেননি সিনেটের রিপাবলিকানরা। তাঁদের যুক্তি, ডায়মন্ড যথেষ্ট অভিজ্ঞ নন। এমনকি সামষ্টিক অর্থনীতি ও মুদ্রানীতি বিষয়ে তাঁর দক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন এলাবামার রিপাবলিকান সিনেটর রিচার্ড শেলবাই। তিনি সিনেট ব্যাংকিং কমিটির সদস্য।নোবেল বিজয়ী হিসেবে ডায়মন্ডের নাম ঘোষণার পর স্বভাবতই রিপাবলিকানরা কিছুটা বিব্রত হয়েছেন। তাই বলে নতি স্বীকারের পক্ষে নন তাঁরা। আর তাই শেলবাই তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘অর্থনীতিতে নোবেল পুরস্কার অবশ্যই একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তবে ফেডারেল রিজার্ভের বোর্ডে কারা থাকার যোগ্য, তা রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স নির্ধারণ করে দিতে পারে না।’অবশ্য অভিনন্দন ও প্রশংসাও কম জুটছে না। বরং তা কটাক্ষ বা ব্যঙ্গের তুলনায় অনেক বেশি। ২০০৮ সালে নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান তো পুরস্কার ঘোষণার পর পরই নিজ ব্লগে অভিনন্দন জানিয়েছেন। পরদিন নিউইয়র্ক টাইমস-এ লিখেছেন, অর্থনীতির তত্ত্বের জন্য একটি আনন্দময় দিন।মূল বিষয়: গার্ডিয়ান বা নিউইয়ক টাইমস-এর অনলাইনে যেসব মন্তব্য এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, ‘এরা আসলে কী কাজ করেছেন, তা বুঝতে চাই।’ অনেকেই এ ধরনের মন্তব্য বা প্রশ্ন করেছেন। এর উত্তর দেওয়াটাই সবচেয়ে কঠিন। তবে এককথায় অতি সরলীকৃতভাবে এই তিনজনের কাজের বিষয়টি তুলে ধরা হয়েছে এভাবে, ‘সঠিক কাজ বা ফ্ল্যাট খুঁজে পাওয়া কঠিন।’ শুনতে খুব সহজ হলেও ব্যাখ্যাটা অত সহজ নয়। তবু চেষ্টা করা যাক মোটা দাগে বিষয়টি বোঝার।শ্রমবাজারই বলি আর আবাসনবাজারই বলি, এখানে সবচেয়ে বড় সমস্যা হলো সময় ও জ্ঞান। বসবাসের জন্য যে রকম একটি ফ্ল্যাট চাই, সে রকম ফ্ল্যাট নিশ্চয়ই আছে। তবে যতক্ষণ পর্যন্ত না সেটার খোঁজ মিলছে, ততক্ষণ পর্যন্ত তো তা না থাকারই শামিল। তাহলে কত সময় ধরে এই ফ্ল্যাট খোঁজা অব্যাহত রাখব? এই অবস্থা চলতে থাকলে আবাসনের বা ফ্ল্যাটের বাজারে একটি বেকায়দা অবস্থা দেখা দেবে। একইভাবে যাঁরা যা কাজ করতে চাচ্ছেন, তা পাচ্ছেন না এবং যাঁরা যাঁকে কাজ দিতে চাচ্ছেন তাঁকে পাচ্ছেন না—এ রকম অবস্থা চললে বেকারত্ব প্রকট হবে।অর্থশাস্ত্রের পরিভাষায়, এভাবে শ্রমের বাজারে বা ঘরবাড়ির বাজারে চাওয়া-পাওয়ার মধ্যে এক ধরনের ‘ফ্রিকশন’ বা ‘বিরোধ’ দেখা দেয় যা বাজারের অদক্ষতারই নামান্তর। এই বিরোধ বা অদক্ষতা আবার ব্যয় বাড়িয়ে দেয়। সঠিক কাজ খুঁজে পাওয়ার ব্যয় বেশ চড়া। কারণ, যে কাজে একজন দক্ষ, সে ব্যক্তি সেই কাজটিই করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। একই কারণে তাঁকে যাঁরা কাজে নেবেন, তাঁদেরও উচ্চ হারে পারিশ্রমিক বা মজুরি দিতে হবে। উল্টো দিকে দেখলে, যে বা যাঁরা নিয়োগদাতা, তাঁদের জন্যও এটা ব্যয়বহুল। এ জন্য যে তাঁরা কাজে নিয়োগ না করা পর্যন্ত আসলে নিশ্চিত হতে পারেন না যে নিয়োগ করা ব্যক্তি দক্ষতার সঙ্গে কাজটি করবেন। অথবা তাঁরা এটাও নিশ্চিত নয় যে অন্য কোনো ব্যক্তি একই দক্ষতায় অথচ একটু কম পারিশ্রমিকে এই একই কাজ করবেন। দুই ক্ষেত্রেই তাঁদের অর্থাৎ নিয়োগদাতা প্রতিষ্ঠানকে যথেষ্ট খোঁজাখুঁজি করতে হয়।নোবেলজয়ী অর্থনীতিবিদত্রয়ী এভাবেই তাঁদের তত্ত্বে এ বিষয়টিই ব্যাখ্যা করেছেন। এর মাধ্যমে তাঁরা কর্মসংস্থান-বিষয়ক সনাতনী তত্ত্বকেও চ্যালেঞ্জ করেছেন। সনাতনী তত্ত্বানুসারে, বেকার শ্রমিকেরা সব সময়ই কাজ খুঁজে পাবেন, যদি তাঁরা তাঁদের মান খানিকটা কমিয়ে আনেন। একইভাবে নিয়োগদাতারাও যদি তাঁদের দিক থেকে মানের মাত্রাকে খানিকটা কমিয়ে আনেন, তাহলে তাঁদের জন্যও কাঙ্ক্ষিত লোক পেতে সমস্যা হবে না। আর এ কারণেই তাত্ত্বিকভাবে কখনো বেকারত্ব বজায় থাকার কথা নয়। বরং যে বেকারত্ব দেখা যায়, তা আসলে স্বেচ্ছামূলক।সনাতনী তত্ত্বটি চাহিদা-জোগানের ভারসাম্য মডেলে ব্যাখ্যা করা হয়। এখানে যে জোগানসূচি পাওয়া যায়, তাতে কতজন শ্রমিক বিদ্যমান মজুরি কাজ করতে ইচ্ছুক তা দেখানো হয়। আর চাহিদাসূচিতে দেখানো হয় যে বিদ্যমান মজুরিতে কারখানাগুলো কতজন শ্রমিককে নিয়োগ করতে চায়। এখন একটা মজুরিতে চাহিদা ও জোগানের দিক থেকে শ্রমিকের সংখ্যা সমান হয়ে ভারসাম্য অবস্থা সৃষ্টি হয়। এই তত্ত্বের গোঁড়া সমথর্েকরা দাবি করেন যে মজুরির নিম্নসীমা বেঁধে দিলে বা ন্যূনতম মজুরির হার নির্ধারণ করে দিলে বাজারে আসলে মজুরি চড়া হয়ে যায়, যা ভারসাম্য আনতে বাধার সৃষ্টি করে। তবে সমালোচকেরা বলেন, গমের বা তামার বাজারে চাহিদা-জোগানের ভারসাম্যের ক্ষেত্রে এই মডেল যত সহজে কাজ করে, শ্রমের বা আবাসন বাজারে এর প্রয়োগ ঠিক ততটাই কঠিন। ডায়মন্ড-মারটেনসেন-পিসারিডেজ তাঁদের কাজের মাধ্যমে এই সনাতনী ধারণার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাঁরা বলতে চাইছেন, শ্রমবাজারে বা আবাসনবাজারে ক্রেতা-বিক্রেতার সম্মিলন স্বয়ংক্রিয়ভাবে হয় না। এই সম্মিলনের জন্য প্রয়োজন দীর্ঘ অনুসন্ধান। আর তাই বেড়ে যায় খরচ। ডায়মন্ড-মরটেনসেন-পিসারিডেজের কাজ নিয়ে যে প্রশ্নটা এখন জোরেশোরে উচ্চারিত, তা হলো, এই তত্ত্ব বর্তমান মন্দাকালে বেকারত্ব বা কর্মহীনতার বিষয়টি কীভাবে ব্যাখ্যা করছে ও সমাধান দিচ্ছে? আদৌ পারছে কি না? বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেকারত্বের হার প্রায় সাড়ে ৯ শতাংশ। আবার আবাসন খাতও দুর্দশায় ভুগছে। নিন্দুকদের দাবি, এই তত্ত্বের আলোকে বিদ্যমান দুই সমস্যার কোনো ব্যাখ্যা নেই। সমর্থকেরা বলছেন, এই ত্রয়ী অর্থনীতিবিদের কাজ বর্তমান বেকার সমস্যার কোনো সমাধান দিতে না পারলেও বর্তমান বিপর্যয়কে গভীরভাবে অনুধাবনে সহায়তা করছে। আর তাই, বেকার ভাতা বেকারত্বকে বাড়িয়ে দেয় বলে বাজারপন্থী অর্থনীতিবিদদের দিক থেকে যে সমালোচনা চলছে, ডায়মন্ড-মারটেনসেন-পিসারিডেজের কাজ তা সমর্থন করতে পারছে না।