'সবাই বান্ধব' বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী আকরাম উদ্দিন আহ্মদ
কাজী আকরাম উদ্দিন আহ্মদ

আগামী ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘সবাই বান্ধব’ হয়েছে বলে মনে করছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

সংগঠনটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেছেন, ‘বাজেট ঘোষণার পর কেউ একে বলেন ব্যবসাবান্ধব, কেউ বলেন শিল্পবান্ধব, কেউ বলেন বড়লোকবান্ধব। আমি বলব, এবারের বাজেট হয়েছে সবাই বান্ধব।’
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের শীর্ষ নেতা এভাবেই প্রস্তাবিত বাজেটকে মূল্যায়ন করেন।
বাজেট ঘোষণার পর বিভিন্ন মহল থেকে এবারের বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবায়ন প্রশ্নসাপেক্ষ মন্তব্য করলেও এর সঙ্গে দ্বিমত রয়েছে এফবিসিসিআইয়ের সভাপতির। তিনি মনে করেন, এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয়।
কাজী আকরাম বলেন, ‘আমি এই বাজেটকে উচ্চাভিলাষী বলছি না। এই বাজেট বাস্তবমুখী।’ তিনি বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে এ পর্যন্ত প্রতিবছরই বাজেটের আকার ১৮ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবারের বাজেটের আকার বেড়েছে ১৬ শতাংশ। আগের বছরগুলোতেও বাজেট উচ্চাভিলাষী ছিল। প্রবৃদ্ধিও বেশি ধরা হয়েছিল। কিন্তু সেগুলোও বাস্তবায়িত হয়েছে।

তবে এই বাজেট বাস্তবায়নে সুদক্ষ ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করে এফবিসিসিআই। সংগঠনের সভাপতির ভাষ্য, ‘এ বাজেট বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তদারকি বাড়াতে হবে। বাস্তবায়ন-প্রক্রিয়া হতে হবে সুশাসন ও দুর্নীতিমুক্ত।’

এফবিসিসিআইয়ের সভাপতি মনে করেন, অর্থমন্ত্রী যেহেতু এই বাজেট বাস্তবায়নের জন্য পুরো বছর সময় পাবেন না, তাই আগামী ছয় মাসে তিনি এই বাজেটকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন, যেন অন্যদের জন্য বাজেট বাস্তবায়ন করা সহজ হয়।

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের একটি বড়  চ্যালেঞ্জ দেখছেন এফবিসিসিআইয়ের সভাপতি। তা হলো রাজনৈতিক অস্থিরতা। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে হরতাল না হওয়ায় আমরা কিছুটা শান্তিতে আছি। কিন্তু তার মানে এই নয়, আর এগুলো হবে না। বাজেট বাস্তবায়ন করতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। এটা দুই দলকেই বুঝতে হবে।’

একই সঙ্গে নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ করা সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ বলেও মনে করে এফবিসিসিআই।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. হেলাল উদ্দিন ও কয়েকজন পরিচালক।

কালোটাকা: কালোটাকা সাদা করার সুযোগের বিষয়ে কাজী আকরাম বলেন, কালোটাকা তৈরির উৎস চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সংকুচিত করা প্রয়োজন।

এক প্রশ্নের জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘নতুন শিল্প প্রতিষ্ঠায়, শিল্পাঞ্চল গড়ে তোলার কাজে কালোটাকা সাদা করার সুযোগ না দিয়ে শুধু ফ্ল্যাট আর প্লট কেনার ক্ষেত্রে এ সুযোগ দেওয়াকে আমরা সমর্থন করতে পারি না।’

ব্যাংকঋণ: এফবিসিসিআই বলেছে, বাজেট-ঘাটতি মোকাবিলায় সরকারকে ব্যাংকঋণের ওপর নির্ভর করতে হবে। ব্যাংকঋণের ওপর অতিনির্ভরতা বেসরকারি খাতের ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।

কাজী আকরাম বলেন, সরকার যদি ব্যাংক থেকে ঋণ কম নেয়, তাহলে বেসরকারি খাত ঋণ পাবে। এতে দেশে বিনিয়োগও বাড়বে।