'সরকারি ব্যাংক রেখেছি কেন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যাংক আমরা রেখেছি কেন—এমন প্রশ্ন তুলে নিজেই জবাব দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘একসময় বলা হতো আদর্শ হিসেবে কিছু সরকারি প্রতিষ্ঠান থাকা দরকার। যাদের রীতিনীতি, কর্মকাণ্ড, দক্ষতা ইত্যাদি অন্যরা অনুসরণ করবে। এ ধরনের স্বপ্ন যাঁরা দেখেছিলেন, আমি তাঁদের একজন। কিন্তু এ উদ্দেশ্য সফল হয়নি।’
সচিবালয়ে গতকাল সোমবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ২০১৪ সালে বিডিবিএল ১৪৫ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করে। এ থেকে ১০ কোটি টাকা লভ্যাংশের চেক গতকাল অর্থমন্ত্রীর হাতে তুলে দেন ব্যাংকটির চেয়ারম্যান মো. ইয়াছিন আলী। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, বিডিবিএলের সব পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জিল্লুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী এ সময় বলেন, রাষ্ট্রমালিকানাধীন বড় ব্যাংকগুলোতে সমস্যা রয়েছে। ব্যাংকগুলোর অবস্থা ভালো নয়। মূলধন ও প্রভিশন ঘাটতির কারণে সরকারের পক্ষ থেকে এদের পয়সা দিতে হয়। তবে ব্যাংকগুলোর অবস্থা কেন ভালো নয়, তা নিয়ে বিশদ কিছু বলেননি অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন উৎস থেকে সরকার আয় করে। কিন্তু সরকারি মালিকানাধীন ব্যাংক যখন লভ্যাংশ দেয়, সেটা একটু ব্যতিক্রমই মনে হয়। বিডিবিএলকে ‘ছোট্ট ব্যাংক’ উল্লেখ করে বলেন, সরকারি ব্যাংকগুলোর মধ্যে এর রেকর্ডটা ভালো। বর্তমান সরকারই এ ব্যাংক প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) একীভূত হয়ে ২০১০ সালে যাত্রা শুরু করে বিডিবিএল।
বিশ্বব্যাংকের পরামর্শে বিএসবি ও বিএসআরএস হয়েছিল জানিয়ে এ এম এ মুহিত বলেন, উদ্দেশ্য ছিল বেসরকারি খাতে বিনিয়োগ ও শিল্পায়ন গড়ে তোলা। কারণ, বিশ্বব্যাংকের উপলব্ধি ছিল সরকারি অর্থে বিনিয়োগ ও শিল্পায়ন হয় না। এসব প্রতিষ্ঠানকে বিশ্বব্যাংক ঋণ দিত। অনেক উন্নত দেশে এ ধরনের বিনিয়োগ ব্যাংক এখনো আছে।
সচিব এম আসলাম আলম বলেন, ‘বিডিবিএলের লভ্যাংশটা টাকার অঙ্কে বেশি না। বড় বিষয় হচ্ছে ব্যাংকটিকে উল্টো কোনো ভর্তুকি দিতে হচ্ছে না।’
বিডিবিএলের চেয়ারম্যান ইয়াছিন আলী বলেন, ‘অতীতের বিএসবি ও বিএসআরএস কোনো ব্যাংকিং করত না। কারণ, তারা ছিল আর্থিক প্রতিষ্ঠান। এখান থেকে টাকা নিয়ে অনেকে নতুন ব্যাংক করেছেন, কিন্তু আমাদের টাকা শোধ করেননি।’
টানা পাঁচ বছর দায়িত্ব পালনের পর আগামী সপ্তাহে অবসরে যাচ্ছেন বিডিবিএলের এমডি জিল্লুর রহমান। তাঁর যোগ দেওয়ার সময় ব্যাংকটিতে খেলাপি ঋণের হার ছিল ৩১ শতাংশ, এখন তা ৪৩ শতাংশ। ব্যাংকের নিজের কর্মচারীসহ খেলাপির হার হিসাব করলে ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে। এই ব্যাংকের ৩৬ শাখার মধ্যে ১৪টিই লোকসানি।