
দেশের শিল্পকারখানার মালিক ও শ্রমিকের সম্পর্কের মধ্যে ‘সামান্য ভেজাল’ আছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, ‘আমি দেখলাম শ্রমিক ভাইয়েরা খুব ভালো মানুষ। মালিক ভাইয়েরা খুব ভালো মানুষ। তবে একটু সামান্য ভেজাল আছে। ভেজালটা কী? শ্রমিক ও মালিক ভাইয়ের মধ্যে আস্থার ঘাটতি আছে। সামাজিক সংলাপের অভাবের জন্যই এই ঘাটতি।’
ডেনমার্ক ও সুইডেন সরকারের অর্থায়নে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে সামাজিক সংলাপ ও কার্যকরী শিল্পসম্পর্ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল রোববার এসব কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার এবং তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পোশাকশিল্পে নারী শ্রমিকদের ভূমিকা, মজুরি বৃদ্ধি, নারী শ্রমিকদের অভিবাসন-সংক্রান্ত সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানের একমাত্র উপায় সামাজিক সংলাপ—এমনটাই মন্তব্য করেন আইএলওর মহাপরিচালক গাই রাইডার। তিনি বলেন, সামাজিক সংলাপের মাধ্যমে শ্রমিক-সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব। একই সঙ্গে শ্রমিকদের স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন করা ও দর-কষাকষিতে দক্ষতা বাড়াতে সহায়তা করবে সামাজিক সংলাপ।
মুজিবুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘আমি শ্রমমন্ত্রী (প্রকৃতপক্ষে প্রতিমন্ত্রী) হয়ে বসার পর দেখলাম, দেশে এই মুহূর্তে পৌনে আট হাজার নিবন্ধিত ট্রেড ইউনিয়ন এবং কয়েক শ ফেডারেশন আছে। এগুলোর অবস্থা জানতে গিয়ে দেখলাম বেশির ভাগেরই মেয়াদ নাই।’ তিনি বলেন, ইউনিয়ন নিবন্ধন নেওয়ার পর নবায়ন করতে হয়। রিটার্ন দিতে হয়। বিষয়গুলো বিবেচনায় নিলে ৯০ শতাংশ ট্রেড ইউনিয়ন বাতিল হয়ে যাবে।
মুজিবুল হক বলেন, ‘ট্রেড ইউনিয়নের কোনো দরখাস্ত পড়লে মালিক ভাই এসে বলেন, এই যে মন্ত্রী ভাই, ট্রেড ইউনিয়ন দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। আমার কারখানা বন্ধ হয়ে যাবে। আমার সামনে এমন মালিক আছেন।’ তখন প্রতিমন্ত্রীর সামনে দর্শক সারিতে পোশাক কারখানার কয়েকজন মালিক বসে ছিলেন।
প্রতিমন্ত্রীর কথা শুনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে হাসির রোল পড়ে। প্রতিমন্ত্রী প্রচ্ছন্নভাবে হাসি থামানোর ইঙ্গিত দিয়ে বলেন, ‘জি না। আছে, আরও কথা আছে।’ তিনি বলেন, ‘শ্রমিক ভাইয়েরা আসেন। ট্রেড ইউনিয়ন আছে, তারপরও তাঁরা আসেন। দরখাস্ত করেন, তবে সব নিয়মকানুন মানেন না। শ্রমিকেরা বলেন, নিয়ম-টিয়ম কী আবার। আপনি ইউনিয়ন দিতে বলে দেন।’ এ সময়ই তিনি মালিক ও শ্রমিক সম্পর্কের মধ্যে সামান্য ভেজালের বিষয়টি উল্লেখ করেন।
শুধু নারী শ্রমিকেরা যদি ইউনিয়ন নিবন্ধনের আবেদন করেন তবে আইনকানুন শিথিল করা হবে বলে জানান মুজিবুল হক। দর্শক সারির সামনের দিকে অন্যদের পাশাপাশি একজন নারী শ্রমিক নেত্রী বসা ছিলেন। তাঁকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এত কথা বলেন। শুধু নারীদের দিয়ে একটি ইউনিয়ন দেওয়ার জন্য দরখাস্ত করেন নাই। খালি বলেন, রাইটস রাইটস।’
অনুষ্ঠানে জানানো হয়, পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাংলাদেশ সরকার, চাকরিদাতা ও শ্রমিক সংগঠনের সহায়তায় বাস্তবায়ন করবে আইএলও। ৮০ লাখ ৪৩ হাজার মার্কিন ডলারের প্রকল্পটি সামাজিক সংলাপের মাধ্যমে মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়ন করবে। কর্মক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির জন্য একটি প্রক্রিয়া হিসেবে সামাজিক সংলাপ, মধ্যস্থতা ও সালিসি ব্যবস্থাকে একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও আস্থাশীল হিসেবে গড়ে তুলবে।
বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি ও সাংসদ শিরীন আখতার, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার ও যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসেন, আইএলওর সহকারী মহাপরিচালক তোমোকো নিশিমাতো, ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল, বাংলাদেশ এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন কাশেম খান, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, ঢাকার ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তা মোর্টেন জেসপারসেন, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ।