'সাড়ে ৭'-এর আশাবাদ, বড় চ্যালেঞ্জ বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ হওয়ার আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, অর্থনীতির সূচকগুলো যে ধারায় আছে, তা অব্যাহত রেখে বছর শেষ করতে পারলে সোয়া ৭ থেকে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে। এ বছর ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দেশের সার্বিক অর্থনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে প্রবৃদ্ধির নতুন আশাবাদের পক্ষে যুক্তি দেখিয়ে পরিকল্পনামন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৮ শতাংশ হয়েছে। একই সময়ে মূলধনি যন্ত্রপাতির আমদানিতে প্রবৃদ্ধি দ্বিগুণ হয়েছে। প্রবাসী আয় কিছুটা কমলেও বছর শেষে তা আরও বাড়বে। প্রবাসী আয় ১ হাজার ৫০০ কোটি ডলারের নিচে হবে না। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন রেকর্ড পর্যায়ে আছে। এ ছাড়া মূল্যস্ফীতিও দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণে আছে। তাই সোয়া ৭ থেকে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সূচকগুলো বেশ ভালো।

অর্থনীতিতে চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। তাঁর মতে, বিনিয়োগ ছাড়া কোনো ক্ষেত্রেই আশা করা যায় না। ১ শতাংশ প্রবৃদ্ধির জন্য জিডিপির ৪ শতাংশের সমান বিনিয়োগ লাগে। ৮-১০ শতাংশ প্রবৃদ্ধির জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ দরকার। তবে বিনিয়োগ কম হলেও মানবসম্পদকে দক্ষ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এর বড় উদাহরণ। মানবসম্পদকে দক্ষ করতে বর্তমান সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মতো এমন তরুণ জনগোষ্ঠীর জনসংখ্যা আর কোনো দেশে নেই। এ দেশের ৭৬ শতাংশ মানুষ কর্মক্ষম। এ জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে বাদ দিয়ে ভারত ও চীনের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের দুই দিকে এ দুটি দেশ। ২০৩৫ সালে চীন হবে বিশ্বের ১ নম্বর অর্থনীতির দেশ। আর ২ নম্বর দেশ হবে ভারত।

আঙ্কটাডের স্বল্পোন্নত দেশ (এলডিসি) নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সাল নাগাদ বাংলাদেশ এলডিসির তালিকা থেকে বের হয়ে আসবে। আঙ্কটাডের এ মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার যে তিনটি সূচক আছে, ২০২১ সালের মধ্যে এ তিনটি সূচকের একটিতেও পিছিয়ে থাকব না। তবে জাতিসংঘের সনদ পাব ২০২৪ সালে।’

পরিকল্পনামন্ত্রী নিজেই জানান যে বিশ্বব্যাংকের হিসাবে, বাংলাদেশ এখন নিম্নমধ্যম আয়ের দেশ হয়েছে। এর পরের ধাপ উচ্চ মধ্যম আয়ের দেশ। মধ্যম আয়ের দেশের কোনো নির্দিষ্ট শ্রেণি নেই বিশ্বব্যাংকের হিসাবে।

২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে—সরকারের নীতিনির্ধারকেরা এ কথা বলেন। তাহলে বাংলাদেশ কোন মধ্যম আয়ের দেশে উন্নীত হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হয়ে গেছে। তবে জাতিসংঘের হিসাবে এখনো স্বল্পোন্নত দেশ। ২০২১ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পরীক্ষায় পাস করে যাব, সনদ পাওয়ার জন্য আরও তিন বছর অপেক্ষা করতে হবে।’ তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে এখন আর মধ্যম আয়ের দেশের কথা বলা হয় না। এখন উন্নত দেশের কথা বলা হয়।

এলডিসির তালিকা থেকে বের হলে রপ্তানি কমতে পারে—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী মত হলো এলডিসি থেকে বের হলে অর্থনীতি নতুন উচ্চতায় যাবে। তখন অনেক বিনিয়োগ আসবে। বিনিয়োগ বাড়লে রপ্তানি কমবে না, বরং বাড়বে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব তারিক উল ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম।