
আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সংস্থাটির নেতারা বলছেন, বাজেট ঘোষণার আগে রিহ্যাবের পক্ষ থেকে ১৩টি সুবিধা চাওয়া হয়েছিল। কিন্তু ঘোষিত বাজেটে তার একটিরও বাস্তবায়ন হয়নি। উল্টো অভিজাত কিছু এলাকার বাইরে নির্মিত ফ্ল্যাটের ক্ষেত্রে প্রতি বর্গমিটারের জন্য প্রতিষ্ঠানের কর ৪০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
প্রস্তাবিত বাজেট নিয়ে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ও সাংসদ নূরুন্নবী চৌধুরী, সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, আহ্কাম উল্লাহ, সরদার মো. আমিন, মোহাম্মদ সোহেল রানা।
বাজেটে আবাসন খাতের জন্য কোনো সুবিধা না রাখায় ক্ষোভ প্রকাশ করে রিহ্যাব সভাপতি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আমরা কিছু সুবিধা চাইতে গিয়ে অসুবিধা নিয়ে এলাম।’
বাজেট প্রস্তাবের আগে রিহ্যাবের পক্ষ থেকে বিনা প্রশ্নে আবাসন খাতে কালোটাকা বিনিয়োগ, বিশেষ তহবিল গঠন, ফ্ল্যাট ও প্লটের নিবন্ধন ফি কমানোসহ ১৩টি সুবিধা দাবি করা হয়েছিল। কিন্তু কোনোটিরই বাস্তবায়ন হয়নি।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ‘প্রাক্-বাজেট আলোচনায় আমরা যেসব প্রস্তাব দিয়েছিলাম সেগুলো বাস্তবায়িত না হওয়ায় আমরা সত্যিই লজ্জিত। ভবিষ্যতে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সঙ্গে আমরা আর প্রাক্-বাজেট সভা করব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
সংবাদ সম্মেলনে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে আবারও বিশেষ তহবিল গঠন করতে সরকারের কাছে দাবি জানান রিহ্যাবের সভাপতি। তিনি বলেন, সাধারণ ক্রেতার স্বার্থেই ২০ হাজার কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠনের দাবি করা হয়েছে। তহবিল থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দিলে ক্রেতারা বাসা ভাড়ার সমপরিমাণ অর্থ কিস্তি দিয়ে ফ্ল্যাটের মালিক হতে পারবেন।
আলমগীর শামসুল আলামিন দাবি করে বলেন, নানা ধরনের কর আরোপ ও সরকারের নীতি সহায়তার অভাবে আবাসন খাত ঝুঁকির মুখে পড়েছে। ফ্ল্যাট বিক্রি প্রায় ৮০ শতাংশ কমে গেছে। একই সঙ্গে উদ্যোক্তাদের নতুন প্রকল্প গ্রহণের হার ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। তিনি বলেন, ফ্ল্যাট বিক্রি না হওয়ায় রিহ্যাব সদস্যদের নিজস্ব পুঁজি ও ব্যাংক থেকে নেওয়া ঋণ আটকে গেছে। এ কারণে বিক্রি করা ফ্ল্যাট সময়মতো ক্রেতাদের বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না।
আবাসন খাতকে চাঙা করতে একটি জাতীয় কমিটি গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান রিহ্যাবের সভাপতি। তিনি বলেন, কমিটির কাজ হবে আবাসনশিল্পের সমস্যা চিহ্নিত করে দ্রুত সেগুলোর সমাধান করা। এ ছাড়া বিনা প্রশ্নে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ; আবাসন প্রতিষ্ঠানকে শহর এলাকার প্রকল্পের জন্য ৫ বছর ও গ্রামীণ এলাকার প্রকল্পের জন্য ১০ বছর কর অবকাশ সুবিধা; প্লট ও ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় কমানো এবং দ্বিতীয়বার ফ্ল্যাট বিক্রিতে নিবন্ধন ফি ১ থেকে ২ শতাংশ করারও দাবি জানান তিনি।
রিহ্যাবের ১ হাজার ১৫১ সদস্যের বাইরে আরও দেড় হাজার আবাসন প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করলে কে দায়দায়িত্ব নেবে—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে রিহ্যাব সভাপতি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা একটি প্রস্তাব দিয়েছি, সব আবাসন প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে রিহ্যাবের সদস্য হতে হবে। কারণ তাদের জন্য অনেক সময় রিহ্যাব সদস্যদের সুনাম নষ্ট হয়।’