বাংলাদেশের আশুলিয়ায় গত ২৫ নভেম্বর তাজরীন ফ্যাশনসের পোশাক কারখানায় শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ মর্মাহত হয়েছে। তবে এটি বিস্ময়কর নয়। কেননা, উদীয়মান অর্থনীতির দেশগুলোতে পোশাক কারখানায় এ ধরনের অগ্নিকাণ্ড অভিন্ন ঘটনা হয়ে উঠেছে। লন্ডনভিত্তিক সাপ্তাহিক ইকোনমিস্ট-এর এক নিবন্ধে এই মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসেই পাকিস্তানের লাহোর ও করাচিতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে শিশুসহ তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এই ঘটনার পর ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘স্পষ্টতই দক্ষিণ এশীয়’ বলে অভিহিত করে। ইকোনমিস্ট বলছে, এই অভিধায় কিছু সত্যতা আছে। এই শিল্পের ভরকেন্দ্র এখন দক্ষিণ দিকে সরে আসছে। চীনের শ্রমের ব্যয় বেড়ে যাচ্ছে। এর ফলে ভারত, পাকিস্তান, কলম্বিয়া এবং বিশেষভাবে বাংলাদেশে স্বল্পদক্ষ উৎপাদন কাজ চলে আসছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৭৫ শতাংশ আসে তৈরি পোশাক থেকে।সাময়িকীটি ম্যাককেনসির উদ্ধৃতি দিয়ে বলেছে, সাধারণভাবে কর্মপরিবেশ ও মানের উন্নতি হচ্ছে, তবে তা মিশ্র। তবে ক্লিন ক্লথ ক্যাম্পেইনের হিসাব হলো গত এক দশকে ৭০০-এর বেশি কারখানায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ শিল্পের অবস্থাই তুলে ধরে।ইকোনমিস্ট বলছে, এই দেশগুলোতে উৎপাদনশীলতা নিম্ন। পশ্চিমা বিশ্বের সংকুচিত ভোক্তারা কম দামি পোশাক চায়। আর তাই কারখানাগুলোসহ গোটা অর্থনীতিই দরদামের জন্য প্রতিযোগিতায় নামে। জারা, গ্যাপ ও এইচঅ্যান্ডএমের মতো ফ্যাশন হাউসগুলো নতুন শৈলীর পোশাক চায়। এই চক্রে ঢুকে পড়ায় উৎপাদন চাঙা হওয়া জরুরি। বড় বড় কার্যাদেশ তাই সাব-কন্ট্রাক্ট হয়ে অনেকগুলো পোশাক প্রস্তুত কারখানায় চলে যাচ্ছে। কারখানা মালিকেরা বাড়তি শ্রমিক নিচ্ছে। কার্যাদেশ মিটিয়ে পোশাক জোগান দেওয়ার প্রচণ্ড চাপ। কাজের গতি তাই খুব গুরুত্বপূর্ণ যেখানে নিরাপত্তার মান ফসকে যাচ্ছে।এ রকম একটা প্রেক্ষাপটে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডটি ঘটে বলে উল্লেখ করেছে ইকোনমিস্ট। বলেছে, পশ্চিমের বড়দিনে জোগান দেওয়ার জন্য কারখানাটিতে কাজ চলছিল। প্রাণে বেঁচে যাওয়া শ্রমিকেরা অভিযোগ করেছেন যে, কাপড় চুরি ঠেকাতে ফটকে তালা দিয়ে রাখা হয়। আমেরিকার বৃহত্তম খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়ালমার্ট নিরাপত্তাজনিত কারণে এই কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তবে তাদের না জানিয়েই একটি সাব-কন্ট্রাক্টর এই কারখানায় কাজ করাচ্ছিল।ইকোনমিস্ট বলছে, প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেও ওয়ালমার্ট বেনামি সেই সাব-কন্ট্রাক্টরকে (মনে করা হচ্ছে সিমকো বাংলাদেশ) দোষারোপ করছে ও বলছে যে তারা নিয়মিত তদারকি করেছে। এটি অবশ্য পুরোপুরি গ্রহণযোগ্য নয়। আর তাই প্রশ্ন উঠেছে, ওয়ালমার্ট বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা। নিশ্চয়ই তারা আরও ভালো করতে পারে? ইকোনমিস্ট সমাপনী টেনে এই বলে যে, আজকে অপরাধ করেও দণ্ড থেকে অব্যাহতির সংস্কৃতি বহাল আছে। বাংলাদেশ গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান সাময়িকীটিকে বলেছেন, ‘মালিকেরা শাস্তি ছাড়াই পার পেয়ে যান। তাঁরা নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিষয়টি আমলেই আনেন না।’ তবে ক্রেতাদের কাছ থেকে চাপ পরিস্থিতি বদলাতে পারে। ম্যাককেনসিকে একজন মালিক বলেছেন, ‘যদি আমি এসব (নিরাপত্তা ও মান) পরিপালন না করি, তাহলে কাজ পাব না।’ ইকোনমিস্ট বলছে, কিন্তু যখন ক্রেতারা শক্ত হাতে তাঁদের সরবরাহ শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, তখনই তারা যথাযথ চাপ তৈরি করতে পারে। তার আগ পর্যন্ত ‘দক্ষিণ এশীয় ট্র্যাজেডি’ শেষ হবে না।