'স্বপ্নের' শিল্পপার্কে পোশাক মালিকদের আগ্রহ কম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পপার্কের জন্য ২০ বছর ধরে দাবি করে আসছিল পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে এই ‘স্বপ্নের’ শিল্পপার্কে যেতে কারখানার মালিকেরা খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না।
সম্প্রতি পার্কের জন্য মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় ৫৩১ একর জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এখন ভূমি অধিগ্রহণের কাজ চলছে। শিল্পপার্কটিতে বিভিন্ন সুযোগ-সুবিধাসহ মোট ৫৭৭টি প্লট থাকবে। বিজিএমইএ গত ২ মে শিল্পপার্কে প্লট নিতে সমিতির আগ্রহী সদস্যদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয়। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সমিতির ডাকে সাড়া দিয়ে মাত্র সাড়ে চার শ পোশাকমালিক প্লট পেতে আবেদন করেছেন।

পোশাকশিল্প কারখানাকে নিরাপদ, ঝুঁকিবিহীন ও ভালো কর্মপরিবেশ করতে বর্তমানে ঝুঁকিপূর্ণ, অংশীদারি (শেয়ারড) ও ভাড়াকৃত ভবনে থাকা কারখানাগুলোকে সেখানে অগ্রাধিকার দেওয়া হবে। বিজিএমইএর নেতারা একাধিকবার গণমাধ্যমে এমন কথাই বলেছেন।

সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের সদস্যসংখ্যা তিন হাজার ২০০। এর মধ্যে ইউডিসহ সমিতির অন্যান্য সুবিধা নেন দুই হাজার ২০০ সদস্য। তাঁদের ৭৫ শতাংশই অর্থাৎ প্রায় এক হাজার ৬৫০ সদস্যই অংশীদারি বা ভাড়াকৃত ভবনে কারখানা করেছেন। আর প্লটের জন্য এখন পর্যন্ত আবেদন করেছেন মাত্র ৪৫০ সদস্য। তার মানে যাঁরা অগ্রাধিকার পাবেন, তাঁদেরই প্রায় ৭২ শতাংশ সমিতির বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ৪৩ দিনে আগ্রহ দেখাননি। আবেদনও করেননি।

জানা যায়, এক, তিন ও পাঁচ বিঘা আয়তনের মোট ৫৭৭টি প্লট থাকবে শিল্পপার্কে। আর এ জন্য জমির মূল্য হিসেবে বিঘাপ্রতি আনুমানিক ৬৫ লাখ টাকা পরিশোধ করতে হবে। এ ছাড়া ভূমি উন্নয়ন ও অবকাঠামো খরচ বহন করতে হবে প্লট গ্রহীতাদের। ২০১৬ সালের জুনের মধ্যে পার্কের অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে।

আগ্রহ কম কেন—এমন প্রশ্নের জবাব খুঁজতে একাধিক মালিক ও সমিতির নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, তাজরীন ও রানা প্লাজা ট্র্যাজেডির পর পুরো পোশাক খাতই সংকটের মুখে পড়েছে। কার্যাদেশ কমতে শুরু করেছে। ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কিত। ফলে এত টাকা বিনিয়োগ করে প্লট কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না অধিকাংশ কারখানার মালিক।

তবে আগ্রহ কমের বিষয়টি মানতে রাজি নন সমিতির সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম। তিনি দাবি করেন, ‘অনেক সদস্যই প্লটের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শিগগিরই তাঁরা আবেদন করবেন। আশা করছি, কম করে হলেও হাজার থেকে বারো শ আবেদন পড়বে।’

শহিদউল্লাহ আরও বলেন, সবাইকে প্লট দেওয়া সম্ভব হবে না। সমিতির বোর্ডসভায় আবেদনপত্র যাচাই-বাছাই করে প্লট বরাদ্দ দেওয়া হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে জমি পেয়ে অবকাঠামো নির্মাণ শুরু হবে বলে জানান তিনি।

এদিকে পার্কের ৫৩১ একর (১৬০৬ দশমিক ২৭ বিঘা) জমির মূল্য ধরা হয়েছে প্রায় এক হাজার ৪৪ কোটি টাকা (প্রতি বিঘা ৬৫ লাখ টাকা)। সরকারের পক্ষ থেকে জমি অধিগ্রহণ সম্পন্ন হলেই এই টাকা পরিশোধ করতে হবে। সে জন্য সমিতিকে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত প্লট নিতে সদস্যরা আগ্রহ কম দেখানোতে মূল্য পরিশোধ নিয়ে সমিতিকে সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সমিতির সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘পোশাকশিল্পে এখন অস্থিতিশীল অবস্থা চলছে। যেকোনো মূল্যে আমাদের কারখানাগুলোকে কমপ্লায়েন্ট করতে হবে। অন্যথায় এই শিল্পকে টিকিয়ে রাখা যাবে না। সে জন্য যত দ্রুত সম্ভব শিল্পপার্ক বাস্তবায়ন করতে হবে।

শিল্পপার্কে যা থাকছে: বিজিএমইএর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পপার্কে সাধারণ সুযোগ-সুবিধার বাইরে নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র, ফায়ার সার্ভিস, পুলিশ ফাঁড়ি, জরুরি অবতরণের জন্য দুটি হেলিপ্যাড, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, মেডিকেল সেন্টার, শিশুপার্ক, ব্যাংক, বিমা, কাস্টমস, ডাকঘর ইত্যাদি থাকবে। এ ছাড়া নদীপথে পণ্য পরিবহনের জন্য নাব্যতা নিশ্চিত করে কনটেইনার বন্দর স্থাপন করা হবে।

এসব অবকাঠামো নির্মাণ করতে বিজিএমইএর হিসাবে প্রায় ১০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। আর এ জন্য সমিতির পক্ষ থেকে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে শহিদউল্লাহ আজিম বলেন, ‘১৮ থেকে ২০ শতাংশ সুদে ঋণ নিয়ে এসব আমাদের পক্ষে করা অসম্ভব। তাই বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হবে। অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘কম সুদে অবকাঠামো নির্মাণ করে দেওয়ার জন্য বিদেশি অনেকগুলো প্রস্তাব আমরা যাচাই-বাছাই করছি।’

চট্টগ্রামেও আরেকটি শিল্পপার্ক: এদিকে চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় ১১ একর জমির ওপর আরেকটি পোশাক শিল্পপার্ক করছে বিজিএমইএ। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন জমি দিতে সম্মত হয়েছে। এতে ৫০ থেকে ৫৫টি পোশাক কারখানা স্থাপন করা সম্ভব হবে।

সমিতির সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘যত শিগগিরই সম্ভব, আমরা চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে চুক্তি করব। তার পরই অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে।’ এ ক্ষেত্রে সরকারি জমি হওয়ায় দাম কিছুটা কম হতে পারে বলে জানান তিনি।