'হয়রানি কমাবেন কথা দিলেন, আরও বাড়ল'
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একশ্রেণির কর্মকর্তা কর আদায়ে ব্যবসায়ীদের হয়রানি করেন। অন্যদিকে একশ্রেণির ব্যবসায়ী করই দিতে চান না। এই পুরোনো বিতর্কের মধ্য দিয়েই গতকাল রোববার অনুষ্ঠিত হলো এনবিআর-এফবিসিসিআইয়ের দ্বিতীয় রাজস্ব সংলাপ।
প্রথম সংলাপটি অনুষ্ঠিত হয়েছিল ৯ নভেম্বর। রাজস্ব প্রশাসনে গতিশীলতা বৃদ্ধি ও করবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের উদ্দেশ্যে এখন থেকে নিয়মিতভাবে এ সংলাপ চলবে। এ সময় এক ব্যবসায়ী এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের উদ্দেশে বলেন, ‘প্রথম সংলাপে কথা দিলেন হয়রানি কমাবেন। আরও বাড়ল।’ পরে সমস্ত অভিযোগের জবাব দিতে গিয়ে এনবিআরের চেয়ারম্যান বলেন, ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই আগের চেয়ে বক্তৃতার জোর ও জোশ কম লাগছে।
রাজধানীর আইডিইবি মুক্তিযোদ্ধা সম্মেলনকক্ষে নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
দোষারোপের পাশাপাশি সংলাপে আলোচনা হয় নতুন মূল্য সংযোজন (মূসক বা ভ্যাট) আইনের বাস্তবায়ন নিয়ে। এ আইন কার্যকর হবে ২০১৬ সালের ১ জুলাই থেকে। নজিবুর রহমানের সূচনা বক্তব্যের পর এনবিআরের তিন সদস্য এম ফরিদউদ্দিন, জাহাঙ্গীর হোসেন ও পারভেজ ইকবাল আমদানি-রপ্তানির ক্ষেত্রে মূসক ও উৎসে কর কর্তন বিষয়ে বক্তব্য দেন।
এরপর ব্যবসায়ীরা মুক্ত আলোচনায় হয়রানি বন্ধের দাবি জানান।
মাতলুব আহমাদ বলেন, সংলাপের মূল উদ্দেশ্যই হচ্ছে পরস্পরের আস্থা অর্জন। কিন্তু প্রথম সংলাপের পর ব্যবসায়ীদের হয়রানি করার মাত্রা বেড়েছে। একটি মহল আস্থা অর্জনের উদ্যোগকে স্বাগত না জানিয়ে বরং বিপরীত আচরণ করছে।
বিষয়টিকে ‘দুঃখজনক’ উল্লেখ করে মাতলুব আহমাদ বলেন, ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা সংগ্রহ করতে হবে সরকারকে। ব্যবসায়ীরা কর দিতেই চান। কিন্তু দিতে গিয়ে যে সমস্যায় পড়েন, তার আর সমাধান হয় না।
এক টাকা দিতে গিয়ে তিন টাকার হয়রানি থেকে মুক্তি চান বলে মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সভাপতি। তিনি অবশ্য স্বীকারোক্তি দেন যে ফাঁকি দিতে ব্যবসায়ীরা একসময় ভিন্ন ভিন্ন খাতা সংরক্ষণ করতেন। ওই অবস্থার পরিবর্তন হয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশে মাতলুব বলেন, ‘কর দিলেই না উড়ালসেতু হবে, উন্নয়নের কাজ হবে। আয় করলাম, কিন্তু কর দিলাম না। কার টাকা রেখে দিলাম পকেটে?’
এফবিসিসিআইয়ের সভাপতির সঙ্গে একই সুরে কথা বললেন পুরান ঢাকার ব্যবসায়ী আবদুল মোতালেব। এনবিআরের চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ভাষায় আমরা চোর। আর পুলিশের কী অধিকার আছে রাস্তায় মূসক চালান দেখার?’
১৫ শতাংশ মূসক কিছুতেই দেবেন না এবং না দেওয়ার জন্য যা যা করার দরকার, সবই করবেন বলে হুমকি দেন মোতালেব হোসেন। তিনি বলেন, যাঁরা কর দেন, তাঁদের ওপর আরও কর চাপায় এনবিআর। যাঁরা দেন না, তাঁদের সঙ্গে এনবিআরের নিচের পর্যায়ের কর্মকর্তাদের আঁতাত থাকে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের বলেন, অবস্থাটা এমন করা হয়েছে যে প্রতি মাসেই ব্যবসায়ীকে মূসকের চালান দিতে এনবিআরে যেতে হবে। যতবার যাওয়া, ততবার টাকা। মাসে মাসে ৫০০-১০০০ টাকা ঘুষ তিনি দিতে পারবেন না। একজন পরিদর্শকের নাম উল্লেখ করে এস এ কাদের হয়রানির উদাহরণও দেন। বলেন, ‘নোটিশ ছাড়াই পরিদর্শক খাতাপত্র নিয়ে চলে গেছেন। ফোন করলাম, জব্দ তালিকা দিয়েছেন কি না, জানতে চাইলে বললেন দিইনি, কালকে দেব।’
এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, মূসক আদায়ে আইনের প্রয়োগ করবেন? আমাদের দিক থেকে ‘হ্যাঁ’। অপপ্রয়োগ করবেন? তাইলে ‘না’। মূসকের মূল দর্শন, অর্থাৎ মূল্য সংযোজিত অংশের ওপরই মূসক নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
এনবিআরের চেয়ারম্যান বলেন, সরকারের রূপকল্প বাস্তবায়নের সিঁড়িতে উঠতে গেলে দক্ষ রাজস্ব ব্যবস্থাপনা লাগবে। তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় মাঠপর্যায়ের অবস্থা এখন ভালো।
এনবিআর-এফবিসিসিআই রাজস্ব সংলাপের ভালো ফল ইতিমধ্যে পেতে শুরু করেছে উল্লেখ করে নজিবুর রহমান বলেন, ‘বক্তৃতার জোর ও জোশ আগের সংলাপের চেয়ে কম লাগছে। কারণ, প্রথম সংলাপের পর কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।’
সংলাপে ব্যবসায়ীদের প্রশ্নের জবাব েএনবিআরের দুজন কর্মকর্তা। কমিশনার মাসুদ সাদেক বলেন, আইনের বাইরে গিয়ে কিছু করার অভিপ্রায় এনবিআরের নেই। যুগ্ম কমিশনার নাহিদা ফরিদী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘মূসক আপনারা দেবেন না, দেবে ভোক্তারা। আপনারা শুধু সংগ্রহ করে দেবেন।’