‘হরতাল অর্থনীতির ক্ষতি করে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হরতাল অর্থনীতির কোনো ক্ষতি করে না’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। তিনি বলেন, ‘হরতালে ব্যবসার ক্ষতি হয় না। কারখানায় উত্পাদন অব্যাহত থাকে, খেতখামারে চাষিরা কাজ করে। হাজার খানেক গাড়ি চললে হয়তো কয়েকটা ভাঙচুর হয়।’পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ‘১১তম চিটাগাং অ্যাপারেল ফেব্রিক অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোজিশনের (কাপেক্সপো) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রী এই মন্তব্য করেন। তবে তিনি এও বলেন, ‘হরতাল নিয়ে এটি আমার ব্যক্তিগত মতামত। আমি বিশ্বাস করি, সব রাজনৈতিক দল দেশের খারাপ চায় না।’অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। এতে আরও বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী। গোলাম হোসেন বলেন, ‘আমার মনে হয় না রাজনৈতিক সমস্যা এ দেশের কোনো সমস্যা। এ সমস্যার কথা দেশি-বিদেশি সবাই জানে।’সফিউল ইসলাম মহিউদ্দিন রাজনীতিবিদদের আলোচনায় বসার অনুরোধ জানিয়ে বলেন, ‘রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। এ রাজনীতি আপনারা বন্ধ করুন। এটি জনকল্যাণের রাজনীতি হতে পারে না। অকারণে হরতাল দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের জন্য হুমকি।’অনুষ্ঠানে বক্তারা তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক সুবিধা জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স) বাতিলের তোড়জোড় নিয়ে হতাশা ব্যক্ত করেন। তাঁরা এ সুবিধা অব্যাহত রাখার লক্ষ্যে সরকারি উদ্যোগের ওপর জোর দেন।গোলাম কাদের বলেন, যুক্তরাষ্ট্রে বছরে ৬০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করা হয়। এর মধ্যে জিএসপি-সুবিধায় রপ্তানি হয় মাত্র চার থেকে পাঁচ কোটি ডলারের পোশাক। তবে যুক্তরাষ্ট্র যদি এ সুবিধা বাতিল করে, তবে অন্য উন্নত দেশগুলোও সেই পথ অনুসরণ করতে পারে। তা ছাড়া জিএসপি-সুবিধার সঙ্গে দেশের ভাবমূর্তির সম্পর্ক আছে, যা রাতারাতি কিংবা শতকোটি টাকা ব্যয়ে অর্জন করা সম্ভব নয়। এ ব্যাপারে শিগগির বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করবে বলে তিনি জানান।সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, শিল্পায়ন ত্বরান্বিত করতে বিদ্যুত্ পরিস্থিতির উন্নতির লক্ষ্যে মধ্যমেয়াদি কয়লাভিত্তিক ও দীর্ঘ মেয়াদে পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প স্থাপনের দাবি জানান।