'হাজার প্রাণের চিৎকার'

২৪ এপ্রিল ২০১৩। শিল্পকারখানার ইতিহাসে নিষ্ঠুরতম এই দিনে রানা প্লাজায় জীবনস্বপ্ন হারিয়েছেন হাজারো তরুণ প্রাণ। রাষ্ট্র কিংবা মালিকের কাছে তাঁরা যেন শুধু কতগুলো সংখ্যা, শুধু মুনাফা তৈরির নাট-বল্টু। ইতিহাসে যাঁদের ঠাঁই দুর্ঘটনার শিকার হিসেবে।
এই কথাগুলো ‘২৪ এপ্রিল: হাজার প্রাণের চিৎকার’ সংকলনের শেষ প্রচ্ছদে ছাপা হয়েছে। রানা প্লাজা ধসে নিহত-নিখোঁজ শ্রমিকদের জীবনসংগ্রাম, স্বপ্ন ও স্বপ্ন হারানোর গল্প, আহত ও উদ্ধারকর্মীদের দুঃসহ স্মৃতি এবং নিহত-নিখাঁজদের নামের তালিকা রয়েছে সংকলনটিতে। আর এই কাজটি করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের উদ্দেশে সংকলনটি উৎসর্গ করা হয়েছে। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংকলনটির প্রকাশনা উৎসব আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে। ৪৮০ পৃষ্ঠার এই সংকলনটির মোড়ক উন্মোচন করবেন রানা প্লাজা ধসে ভুক্তভোগী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
হাজার প্রাণের চিৎকার সংকলনে রানা প্লাজা ধসে নিহত ও নিখোঁজ ২১ জন শ্রমিকের জীবনের গল্প আছে। বেশির ভাগ লেখাই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছ থেকে শুনে লেখা। আহত যাঁরা বেঁচে আছেন কিংবা পঙ্গু হয়েছেন এমন ছয়জনের কথাও আছে সংকলনে। এ ছাড়া ১৭ দিনের উদ্ধার কার্যক্রম নিয়ে লিখেছেন ১০ জন উদ্ধারকর্মী।
গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখ্তার বলেন, ‘বিস্মৃতির বিপরীতে স্মৃতিকে জাগিয়ে রাখার চেষ্টা এই সংকলন। কোন স্পনসর নয়, বন্ধুবান্ধবের কাছ থেকে চাঁদা তুলে সংকলনটি করা হয়েছে। সংকলনটি বিক্রি থেকে যে অর্থ আসবে, তা থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে সহায়তা দেওয়া হবে।’ তিনি আরও জানান, সংকলনটি দুভাবে প্রকাশিত হচ্ছে। মূল্য রাখা হয়েছে ১ হাজার ও ৫০০ টাকা।