জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, বাণিজ্যের আড়ালে এ দেশে ৮০ শতাংশের বেশি অর্থ পাচার হয়। এভাবে অর্থ পাচার রোধ করা নিয়ে দেশি-বিদেশি সংস্থার সঙ্গে কাজ করছে এনবিআর। ইতিমধ্যে কিছু প্রতিষ্ঠানের সন্ধানও পাওয়া গেছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘একটি প্রতিষ্ঠান বিদেশে পণ্য রপ্তানি করেছে। কিন্তু এক টাকাও দেশে আসেনি। বাণিজ্যের আড়ালে অর্থ পাচার হচ্ছে।’
গতকাল মঙ্গলবার শুল্ক বিভাগের বিশ্ব কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) নিরাপত্তা প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ডব্লিউসিও। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডব্লিউসিওর মহাসচিব কুনিও মিকুরিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ডব্লিউসিও নিরাপত্তা প্রকল্প নেওয়া হয়। এই অঞ্চলের ১৭টি দেশের মধ্যে বাংলাদেশেই প্রথম এই প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয় গতকাল। আন্তদেশীয় সীমান্ত ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা রোধ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় যেসব কাজ হবে, সেগুলো হলো শুল্ক প্রশাসনের দক্ষতা বৃদ্ধি; সন্ত্রাসী সংগঠনের বিস্ফোরক ও হালকা অস্ত্র সংগ্রহের ক্ষমতা হ্রাস; যাত্রীদের বিষয়ে ঝুঁকি বিশ্লেষণে অগ্রিম তথ্য সংগ্রহ এবং অবৈধ ব্যবসা ও অর্থ পাচার উদ্ঘাটনের মাধ্যমে সন্ত্রাসী অর্থায়ন রোধ করা।
সংবাদ সম্মেলনে এই প্রকল্পে নানা দিক তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় ঝুঁকি মোকাবিলায় শুল্ক বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্প নেওয়া হয়েছে। গত মার্চ মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সভায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৭টি দেশ এই প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হয়। এই প্রকল্পে জাপান সরকার সাড়ে ৭২ লাখ ডলার দিচ্ছে।
ডব্লিউসিও মহাসচিব কুনিও মিকুরিয়া বলেন, এই প্রকল্পটি ব্যবসায় যেমন সুষ্ঠু পরিবেশ তৈরি করবে; আবার অবৈধ বাণিজ্য চলাচলকে রোধ করবে। এই প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশকে শোকেস হিসেবে নেওয়া হয়েছে। তাঁর মতে, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ সঠিক পথেই আছে। এই বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বোত্তম চর্চাই করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, বাণিজ্যের আড়ালে যাতে ছোট ছোট অস্ত্র আসতে না পারে, সে জন্য শুল্ক বিভাগের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।
প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুনিও মিকুরিয়া।
এর আগে লা মেরিডিয়ান হোটেলে এই প্রকল্পটি নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। এসব সেমিনারে বক্তব্য রাখেন এনবিআরের সদস্য লুৎফর রহমান, ফিরোজ শাহ আলমসহ বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সেমিনারে বক্তারা বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে সন্ত্রাস নির্মূল হবে, বৈধ ব্যবসার প্রসার হবে। এর পাশাপাশি সন্ত্রাসে অর্থায়ন প্রতিহত হবে, যা ব্যবসায় খরচ কমাবে।