সহকারী জজ নিয়োগে সাত মাসেও হয়নি ১০৩ জনের গেজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) চূড়ান্ত ফল প্রকাশ করা হয় গত ২৪ জানুয়ারি। এতে ১০৩ জন প্রার্থীকে সহকারী জজ পদে সাময়িকভাবে সুপারিশ করা হয়। চূড়ান্ত ফল প্রকাশের সাত মাস হলেও এখনো তাঁদের নিয়োগের গেজেট প্রকাশ করা হয়নি। তিন ধাপে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে সুপারিশ পাওয়ার পর গেজেট না হওয়ার কারণে চাকরিতে যোগ দিতে পারছেন না তাঁরা।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে জানা যায়, পঞ্চদশ বিজেএসের মাধ্যমে সহকারী জজ নিয়োগের জন্য গত বছরের ১২ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গত বছরই প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নেয়। গত ১৯ জানুয়ারি মৌখিক পরীক্ষা শেষ হয়। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

পঞ্চদশ বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ একজন চাকরিপ্রার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১৬ মাস হয়েছে এবং চূড়ান্ত ফল প্রকাশের ৭ মাস পেরিয়ে যাচ্ছে; অথচ এখনো গেজেট পেলাম না। কমিশন যেখানে খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে, প্রিলি থেকে লিখিত পরীক্ষার জন্য সময় ছিল মাত্র ২৫ দিন। ভাইভা শেষ হওয়ার পাঁচ দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করেছে, কিন্তু গেজেট হচ্ছে না সাত মাসেও। দ্রুত পরীক্ষা নিয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পর ভেবেছিলাম দ্রুত নিয়োগ পাব, তাই অন্য কোথাও চাকরির চেষ্টা করিনি। কিন্তু সাত মাস ধরে বেকার বসে থেকে হতাশ হয়ে পড়েছি।’

সহকারী জজ হিসেবে সুপারিশ পাওয়া আরেক প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে দেশের আদালতে ৪০ লাখ ৪ হাজার ৭টি মামলা বিচারাধীন। দ্রুততম সময়ে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হলে আমরা ১০৩ জন মামলাজট নিরসনে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারতাম। কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া দীর্ঘ সাত মাসেও শেষ না হওয়ায় চাকরিতে যোগ দিতে পারছি না। দেশের হাজার হাজার কর্মঘণ্টার অপচয় হচ্ছে।’

আরও পড়ুন

সহকারী জজ নিয়োগের সব প্রক্রিয়া চূড়ান্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। বিচার বিভাগ পৃথক হওয়ার পর ২০০৭ সালে এই কমিশন গঠিত হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, নিম্ন আদালতসংশ্লিষ্ট ব্যক্তি এবং সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বলছেন, নিম্ন আদালতে মামলাজট তৈরি হওয়ার অন্যতম কারণ নতুন বিচারক নিয়োগের দীর্ঘসূত্রতা। সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত চাকরিতে যোগ দিতে পারলে এ জট কমত।

বিজেএসসি সূত্রে জানা যায়, তৃতীয় ও চতুর্থ বিজেএসের চূড়ান্ত ফল প্রকাশের দুই থেকে চার মাসের মধ্যে যাচাই প্রতিবেদন শেষ হয়েছিল। তাই দুবার কম সময়ে নিয়োগপ্রক্রিয়া শেষ হয়েছিল। কিন্তু এর পর থেকে পুলিশি যাচাই প্রতিবেদন ও অন্যান্য প্রক্রিয়ায় সময় বেশি লাগছে, এ জন্য নিয়োগপ্রক্রিয়ার সময় বাড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে আইন ও বিচার বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ ভেরিফিকেশনের ফাইল এখনো আমাদের কাছে আসেনি। ভেরিফিকেশন শেষে সুপারিশ পাওয়া প্রার্থীদের তথ্য আমাদের কাছে এলে আমরা বাকি কাজ দ্রুত শেষ করতে পারব।’