কমিউনিকেশন বা যোগাযোগ পেশায় এগিয়ে যাবেন যেভাবে
বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, দেশি-বিদেশি দাতা সংস্থা, বিশ্ববিদ্যালয়, করপোরেট হাউসসহ প্রায় বেশির ভাগ প্রতিষ্ঠান এখন আন্ত বা বহির্যোগাযোগের জন্য কমিউনিকেশন অফিসার বা যোগাযোগ কর্মকর্তা রাখেন। কোথাও কোথাও এসব কর্মকর্তা জনসংযোগ কর্মকর্তা নামেও আছেন। এসব পদে যোগ্য ব্যক্তির চাহিদা আছে। প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সরাসরি কাজ করতে হয়, তাই ভালো কাজ করে সামনে এগিয়ে যাওয়ারও সুযোগ আছে। দিন দিন এ খাতে যোগ্য কর্মীর চাহিদাও বাড়ছে। এ পেশায় ভালো করা যায় কীভাবে বা কীভাবে এগিয়ে যাওয়া যায়, সে সম্পর্কে চাকরি-বাকরির সঙ্গে কথা বলেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ূম। সাক্ষাৎকার নিয়েছেন মোছাব্বের হোসেন।
প্রশ্ন: কমিউনিকেশন খাতে তরুণ-তরুণীদের চাকরির সুযোগ কেমন?
মো. আব্দুল কাইয়ূম: সরকারি, বেসরকারি বা উন্নয়ন খাতে এখন বড় কাজ তথ্য ব্যবস্থাপনা। তাই বর্তমানে কমিউনিকেশন খাতে তরুণ-তরুণীদের অনেক বেশি কাজের সুযোগ রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা ও জনসংযোগ খাতেও কমিউনিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিউনিকেশন খাতের মূল কাজ—কখন, কোন তথ্যটি শেয়ার করতে হবে, যাতে ভুল তথ্য কারও কাছে না যায়। করপোরেট সেক্টরে বিপণন বা বিজ্ঞাপনেও কমিউনিকেশনের বিশাল কাজের সুযোগ রয়েছে।
প্রশ্ন: কমিউনিকেশন খাতে চাকরির বর্তমান ও ভবিষ্যৎ কেমন বলে মনে করেন? পদোন্নতির সুযোগ কেমন?
মো. আব্দুল কাইয়ূম: এ খাতে কাজ করতে গেলে দৃঢ় মনোবল থাকা জরুরি। শুধু চাকরির দরকার বলে কমিউনিকেশন খাতে প্রবেশ করা ঠিক নয়। যেকোনো মূল্যে এই খাতে পেশা গড়তে চাই—এমন মনোবল থাকতে হবে। এখানে ধাপে ধাপে নিজের ক্যারিয়ার বড় করতে হয়। সহকারী বা সহযোগী হিসেবে কাজ শুরু করতে পারেন। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে কমিউনিকেশন বিভাগের পরিচালক বা প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে। গ্রাফিক ডিজাইনার, মাল্টিমিডিয়া প্রোডাকশন অফিসার বা সোশ্যাল মিডিয়া অফিসার—তাঁদের মধ্যে যে কেউ একপর্যায়ে পুরো টিম লিড করতে পারেন, যদি তাঁরা প্রমাণ করতে পারেন যে তাঁদের লিড করার মতো দক্ষতা আছে।
প্রশ্ন: কোন বিষয়ের শিক্ষার্থীরা এ খাতে চাকরির সুযোগ বেশি পান?
মো. আব্দুল কাইয়ূম: কমিউনিকেশন সেক্টর সবার জন্যই উন্মুক্ত। তবে যাঁরা গণযোগাযোগ বা সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেন, তাঁদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়। অনেকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেও চাকরি হিসেবে কমিউনিকেশনকে বেছে নেন। এ সেক্টরে গ্রাফিকসের বা ভিডিও এডিটিংয়ের কাজের খুব প্রয়োজন হয়, তাই যাঁদের এসব দক্ষতা থাকে, তাঁরা বেশি অগ্রাধিকার পান।
প্রশ্ন: চাকরিপ্রত্যাশীরা কমিউনিকেশন দক্ষতা কীভাবে বাড়াতে পারেন?
মো. আব্দুল কাইয়ূম: শিক্ষাজীবন থেকে পড়াশোনার পাশাপাশি পাঠ্যপুস্তকবহির্ভূত কার্যক্রমে যুক্ত থাকা উচিত। দলগত কাজ বা পাবলিক স্পিকিং কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত। এ ছাড়া নানা স্বেচ্ছাসেবমূলক কাজে অংশগ্রহণ করার মাধ্যমে নিজের কমিউনিকেশনের দক্ষতা বাড়ানো সম্ভব।
প্রশ্ন: কমিউনিকেশন খাতে ভাষাগত দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ?
মো. আব্দুল কাইয়ূম: শুধু কমিউনিকেশন নয়, সব খাতেই ভাষাগত দক্ষতার প্রয়োজন রয়েছে। অনেক ভালো দক্ষতা না থাকলে আস্তে আস্তে নিজের দক্ষতা বৃদ্ধি করে নিতে হবে। ইউটিউবে টিউটোরিয়াল দেখে বাসায় অনুশীলনের মাধ্যমে ভাষাগত দক্ষতা বৃদ্ধি করা সম্ভব।
প্রশ্ন: কমিউনিকেশন খাতের চাকরির জন্য কোন যোগ্যতাগুলো বেশি দরকার এবং কীভাবে সেগুলো বাড়ানো সম্ভব?
মো. আব্দুল কাইয়ূম: এ খাতের চাকরিপ্রত্যাশীদের সবার আগে শ্রবণদক্ষতা বাড়ানো দরকার। অন্যের কথা ধৈর্যসহ শোনার অভ্যাস বাড়াতে হবে এবং মানুষের কথার ভিত্তিতে সঙ্গে সঙ্গে উত্তেজিত হওয়া যাবে না। নেটওয়ার্কিং বাড়াতে হবে এবং সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মেশার অভ্যাস গড়ে তুলতে হবে। খুঁতখুঁতে স্বভাব থাকলে পরিহার করতে হবে। এ ছাড়া ফ্রি হ্যান্ডরাইটিং, গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের দক্ষতা থাকতে হবে।
প্রশ্ন: এ পেশায় কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়?
মো. আব্দুল কাইয়ূম: কমিউনিকেশন সেক্টরে কাজ করতে গেলে তথ্যের সাগরে ডুবে যাওয়া যাবে না। তথ্যের সঠিক ব্যবস্থাপনা শিখতে হবে। এক দিনে হবে না, আস্তে এ দক্ষতা বাড়াতে হবে।
প্রশ্ন: কীভাবে ভালো কমিউনিকেশন করা সম্ভব?
মো. আব্দুল কাইয়ূম: কোনো কিছু উপস্থাপনের ক্ষেত্রে তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান দিয়ে করতে হবে। তথ্য-উপাত্ত দিয়ে কিছু বললে অবশ্যই সেটার গ্রহণযোগ্যতা বেশি। এভাবে খুব সহজে ভালো কমিউনিকেশন করা সম্ভব।
প্রশ্ন: প্রতিষ্ঠানভেদে কি কমিউনিকেশনের কৌশল আলাদা হতে পারে?
মো. আব্দুল কাইয়ূম: হ্যাঁ, অবশ্যই। একেক প্রতিষ্ঠানের কমিউনিকেশন কৌশল একেক রকম। প্রতিষ্ঠানের প্রয়োজনের ভিত্তিতে কমিউনিকেশনের কৌশল ভিন্ন হয়। করপোরেট প্রতিষ্ঠান, বিপণন প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী সংস্থা—বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের কমিউনিকেশন কৌশলও আলাদা।
প্রশ্ন: উচ্চারণের আঞ্চলিকতা কীভাবে দূর করা সম্ভব?
মো. আব্দুল কাইয়ূম: শুদ্ধ বাংলা ভাষা প্রশিক্ষণের বিভিন্ন কোর্স আছে, সেগুলো করা যেতে পারে। অন্যের সঙ্গে কথা বলার সময় খেয়াল করতে হবে শুদ্ধভাবে বলছেন কি না। নিজে নিজে বাসায় অনুশীলন করেও উন্নতি করা সম্ভব।