ডিএফডির জুনিয়র অডিটর পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) ১৬তম গ্রেডের ‘জুনিয়র অডিটর’ (এলডিএ কাম টাইপিস্ট) পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র অডিটর (এলডিএ কাম টাইপিস্ট) পদের ব্যবহারিক পরীক্ষার (কম্পিউটার টাইপিং টেস্ট) ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ ১৫৪ প্রার্থীর মৌখিক পরীক্ষা ১৫ ও ১৬ এপ্রিল সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
সিজিডিএফের কার্যালয় (চতুর্থ তলা), প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ ঠিকানায় এ পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে উপস্থিত হয়ে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট/হার্ড কপিসহ বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সব সনদপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও জাতীয়তা/নাগরিকত্ব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। সব সনদপত্রের এক সেট ফটোকপি (অন্যূন নবম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়নসহ) দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বা চুরি হয়ে গেলে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি পালন করতে হবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরসহ বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।