করোনা বিধিনিষেধের মধ্যে শিল্পকলার চাকরির পরীক্ষা, পরীক্ষার্থী ২০০০

ফাইল ছবি

করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহ বন্ধ করাসহ ছয় দফা নির্দেশনা জারি করেছে সরকার। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে পরিচালনা করারও আদেশ জারি হয়েছে। কিন্তু বিধিনিষেধের মধ্যে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানেই আগামীকাল শুক্রবার চাকরির পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১৪ ক্যাটাগরির লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। পদগুলো হলো কালচারাল অফিসার, সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রোডাকশন, নাটক), সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রোডাকশন, নৃত্য), সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রোডাকশন, সিনেমাটোগ্রাফি), ইন্সট্রাকটর (নাট্যকলা), ইন্সট্রাকটর (চারুকলা), জনসংযোগ কর্মকর্তা, লাইট ডিজাইনার, সেট ডিজাইনার, যন্ত্রশিল্পী (গ্রেড-৩), নৃত্যশিল্পী (গ্রেড-৩), কণ্ঠশিল্পী, সহকারী জনসংযোগ কর্মকর্তা ও নৃত্যশিল্পী (জুনিয়র)।

রাজধানীর বকশীবাজারের বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এসব পদের পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, পরীক্ষা নেওয়া না নেওয়ার বিষয়টি শিল্পকলার হাতে নেই। নিয়োগ কমিটির সদস্যরা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা। মন্ত্রণালয় থেকে পরীক্ষা নিতে বলা হয়েছে। আমরা মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়ন করছি।

হাসান মাহমুদ আরও বলেন, ১৪ ক্যাটাগরির এসব পদে প্রায় দুই হাজার পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। সকাল থেকে শিল্পকলার ফেসবুক পেজ ও ই-মেইলেও অনেক পরীক্ষার্থী জিজ্ঞেস করছেন পরীক্ষা হবে কি না।

পরীক্ষার বিষয়ে জানতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।