সমুদ্র পরিদর্শক পদে আবেদনের সুযোগ রাখা হয়নি সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে একাধিক পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে একটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক পদ। পদটি সমুদ্রসংক্রান্ত বিষয়ে হলেও এই পদে সমুদ্রবিজ্ঞান থেকে পাস করা শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়নি। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থীরা।

বর্তমানে দেশে চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে সমুদ্রাবিজ্ঞান বিষয় রয়েছে। এই চারটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর প্রায় ১০০ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পাস করে বের হন। কিন্তু বিশেষায়িত এ বিষয়ের স্নাতকদের সমুদ্রসংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রতিষ্ঠানে চাকরির অগ্রাধিকার নেই। বরং সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক পদে আবেদনের সুযোগই রাখা হয়নি।

পিএসসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে, সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা প্রাণিবিদ্যা বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা মৎস্য বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা চাওয়া হয়েছে।

সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থীরা বলছেন, সমুদ্র পরিদর্শক পদের কাজ সমুদ্র ও সামুদ্রিক মাছ নিয়ে। তাই এই পদে আবেদনের জন্য সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থীদের অগ্রাধিকার পাওয়ার কথা। কিন্তু সেখানে আবেদনের সুযোগ না রাখা অন্যায়।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ইফতেখার বিন আলী বলেন, সমুদ্র পরিদর্শক পদে প্রাণিবিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের আবেদন চাওয়া হয়েছে। কিন্তু এ পদের কাজের সঙ্গে প্রাণিবিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ধরনের মিল নেই। এ ছাড়া বিসিএস বন ক্যাডারে প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যার শিক্ষার্থীরা আবেদন করতে পারলেও সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ নেই। অথচ সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থীরা ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে সবচেয়ে বেশি পড়ালেখা করে।

সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক পদে আবেদনের যোগ্যতায় সমুদ্রবিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্তি করার জন্য পিএসসিতে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত ১৯ সেপ্টেম্বর তাঁরা এই আবেদন করেন। আবেদনপত্রে বলা হয়েছে, বর্তমান সরকার সমুদ্রসম্পদকে টেকসই উপায়ে আহরণ ও সংরক্ষণের প্রতি গুরুত্ব দিলেও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে উপকূলীয় ও সামুদ্রিক কাজসম্পর্কিত কারিগরি পদে সমুদ্রবিজ্ঞান বিষয় উল্লেখ করা হয় না। সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক কারিগরি পদেও সমুদ্রবিজ্ঞান বিষয়টি উল্লেখ করা হয়নি। সামুদ্রিক সম্পদ টেকসই মজুত, আহরণ ও সংরক্ষণে সমুদ্রবিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কে এম আজম চৌধুরী প্রথম আলোকে বলেন, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া উচিত। কারণ, সমুদ্রবিজ্ঞানে সামুদ্রিক মৎস্য নিয়ে একাধিক কোর্স করানো হয়। সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থীদের যেহেতু এ বিষয়ে একাডেমিক পড়াশোনা রয়েছে, তাই তাঁরা এই পদের প্রধান দাবিদার।

এ বিষয়ে পিএসসিতে যোগাযোগ করা হলে জানানো হয়, নিয়োগবিধিতে যেভাবে বলা আছে সেভাবেই বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহা. আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘নিয়োগিবিধিতে যেসব বিষয়ের কথা বলে হয়েছে আমরা সেভাবেই পাঠিয়েছি। নিয়োগবিধি সংশোধন সময়সাপেক্ষ বিষয়। সংশোধনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থীরা নিয়োগবিধি সংশোধনের জন্য যথাযথ কারণ জানিয়ে আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে।’

আরও পড়ুন