প্রাথমিকের নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে অনশন
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া ৮৩ জন প্রার্থীর মধ্যে প্রায় ২০ জন অনশন শুরু করেছেন। আজ রোববার সকাল ১০টা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।
অনশনকারীদের দাবি, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়নি। দ্রুত তাঁদের সবার নামে নিয়োগপত্র ইস্যু করতে হবে।
আন্দোলনকারীদের একজন জাহিদ হাসান বলেন, ‘নিয়োগের চূড়ান্ত পর্যায়ে সুপারিশ পাওয়ার পরও আমাদের নামে নিয়োগপত্র ইস্যু করা হয়নি। আমরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।'
আন্দোলনকারীরা আরও বলেন, প্রাথমিক শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। এ খাতে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায়সংগত আচরণ ও প্রার্থীদের অধিকার সুরক্ষা জরুরি।