ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় ‘এআই মাস্টারি সামিট’
বাংলাদেশের পেশাজীবী ও করপোরেট অঙ্গনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দক্ষতা গড়ে তুলতে প্রতিষ্ঠিত সংস্থা ‘মাইএআই’ গতকাল শুক্রবার (১৮ জুলাই ২০২৬) ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে দ্বিতীয়বারের মতো আয়োজন করল ‘এআই মাস্টারি সামিট’। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘লিডিং বাংলাদেশ’স এআই ফিউচার’ ব্যানারে অনুষ্ঠিত এ সামিটে করপোরেট, ব্যাংকিং, গণমাধ্যম, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা ও সরকারি সেবা খাতের জ্যেষ্ঠ ব্যক্তিরা অংশ নেন। এতে স্পষ্ট হয়, এআই নেতৃত্ব নিয়ে দেশের আলোচনা এখন করপোরেট বোর্ড রুমের সীমা ছাড়িয়ে অনেক দূর বিস্তৃত হয়েছে।
গত জুনে অনুষ্ঠিত প্রথম সামিটে ব্যাংক, এফএমসিজি, ওষুধ, বিমা ও পোশাকশিল্প খাতের শতাধিক জ্যেষ্ঠ করপোরেট নেতৃত্ব অংশ নিয়েছিলেন। দ্বিতীয় এ আয়োজনেও শতাধিক জ্যেষ্ঠ পেশাজীবী অংশ নেন এবং অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত হয়। দেশের সবচেয়ে বড় চাকরির মঞ্চ, বেসরকারি ব্যাংকিং, জাতীয় সংবাদমাধ্যম ও স্বাস্থ্যসেবা খাতের নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ ব্যক্তিরাও একই মঞ্চে যুক্ত হন।
সামিটে বক্তা ছিলেন ফাহিম মাশরুর, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, বিডিজবস ডটকম; ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিল উর রহমান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), বাংলাদেশ সেনাবাহিনী; খন্দকার কবির, প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, লিডার্স ফোরাম বিডি ও ব্যাংকার, দ্য সিটি ব্যাংক; এ বি এম জাবেদ সুলতান পিয়াস, চিফ ডিজিটাল বিজনেস অফিসার, প্রথম আলো ডিজিটাল; মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার), ডিআইজি (পিআরএল), বাংলাদেশ পুলিশ এবং অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান, ক্লিনিক্যাল ও ইবিসিপি প্র্যাকটিশনার।
সামিট ‘এআইপিএস’ (এআই ফর প্রফেশনাল সাকসেস) কর্মসূচির সশরীর আয়োজন। মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক সাইফ নোমান খান এবং আইডিয়ান কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরামর্শক মার্ক অনুপম মল্লিকের নেতৃত্বে পরিচালিত এ দুই মাসব্যাপী এআই সক্ষমতা উন্নয়ন কর্মসূচি। কর্মসূচির আগের অনলাইন সেশনে হাজারের বেশি পেশাজীবী যুক্ত হয়েছিলেন এবং শতাধিক জ্যেষ্ঠ করপোরেট পেশাজীবী দুই মাসের ট্র্যাক সম্পন্ন করেছেন।
মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক বলেন, ‘প্রথম সামিট দেখিয়েছে, করপোরেট বাংলাদেশ এআই দিয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত। আর আজকের এই কক্ষ বলছে, আলোচনা এখন কোনো একটি খাতের সীমা ছাড়িয়ে গেছে। যাঁরা আমাদের ব্যাংক, সংবাদমাধ্যম, হাসপাতাল ও সরকারি প্রতিষ্ঠানের দিকনির্দেশনা দেন, তাঁরা যখন একসঙ্গে বসে ভাবেন এআই তাঁদের কাজ কীভাবে বদলে দিচ্ছে, তখনই একটি দেশ এর জন্য প্রস্তুত হয়।’
মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও আইবিএর সহযোগী অধ্যাপক সাইফ নোমান খান বলেন, ‘এআই এখনো প্রাথমিক পর্যায়ে, তবে দ্রুত পরিণত হচ্ছে। যাঁরা খাপ খাইয়ে নিচ্ছেন, আর যাঁরা অপেক্ষা করছেন, তাঁদের মধ্যকার দূরত্ব প্রতি মাসেই বাড়ছে। আমাদের লক্ষ্য বাংলাদেশে এআই দক্ষতাকে বিশেষজ্ঞদের বিষয় হিসেবে নয়, একজন পেশাজীবীর সাধারণ দক্ষতা হিসেবে প্রতিষ্ঠিত করা।’
মাইএআই বাংলাদেশভিত্তিক একটি সংস্থা, যা সাইফ নোমান খান ও মার্ক অনুপম মল্লিকের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। দেশের পেশাজীবী ও করপোরেট অঙ্গনে এআই দক্ষতা গড়ে তোলাই এর লক্ষ্য।
এআইপিএস (এআই ফর প্রফেশনাল সাকসেস) মাইএআই পরিচালিত দুই মাসব্যাপী এআই সক্ষমতা উন্নয়ন কর্মসূচি। এর প্রধান সশরীর আয়োজন ‘এআই মাস্টারি সামিট’।
আইডিয়ান কনসালটিং ঢাকাভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা কৌশল, এআই প্রশিক্ষণ ও থট লিডারশিপ নিয়ে কাজ করে। এর নেতৃত্বে আছেন মার্ক অনুপম মল্লিক।