বিসিএসে বস্ত্র ক্যাডার চালুর দাবি আইইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কনফারেন্স হলে বস্ত্র কৌশল বিভাগের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছবি: বিজ্ঞপ্তি

ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট আবদুস সবুর বলেছেন, ‘বস্ত্র প্রকৌশলীরা উদ্ভাবনী ও সৃজনশীল কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে এগিয়ে আসবে। বৈদেশিক মুদ্রা অর্জনে আরও বেশি অবদান রাখার চেষ্টা করবে। বিসিএসে বস্ত্র ক্যাডার চালু করতে সরকার সুদৃষ্টি দেবে বলে আশা করছি।’

আইইবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কনফারেন্স হলে বস্ত্র কৌশল বিভাগের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সবুর এ কথা বলেন।

বিশেষ অতিথি বিবিটিইর সভাপতি ও সংসদ সদস্য মোজাফফর হোসেন বলেন, বস্ত্র কৌশল বিভাগে পড়াশোনা করে কেউই বেকার থাকে না। সবাই কঠোর পরিশ্রম করে নিজ নিজ যোগ্যতায় জীবনে উন্নত করছে।

সভা শেষে আইইবির বস্ত্র কৌশল বিভাগের সদ্য বিদায়ী চেয়ারম্যান মাসুদুর রহমানের কাছ থেকে আইইবির বস্ত্র কৌশল বিভাগের ২০২৩-২৫ মেয়াদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আসাদ হোসেন। বিদায়ী সম্পাদক সৈয়দ আতিকুর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ ওয়ালিউল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, মো. শাহাদাৎ হোসেন, কাজী খায়রুল বাশার, আইইবির সহকারী সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম, রনক আহসান, ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান শেখ মাসুম কামাল ও আহসান বিন বাশার, মাসুদ রানা প্রমুখ।